২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার

রেকর্ড দরপতনের পরদিন ঢাকার পুুঁজিবাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 06:23 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেকর্ড দরপতনের পরদিন ঢাকার পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেন শুরু হওয়ার প্রথম ১০ মিনিটেই মূল্যসূচক বেড়ে যায় ৪২৫ পয়েন্ট। তবে পরবর্তীতে তা নামতে শুরু করে। বেলা ১১টা ৫৫ মিনিটে মূল্যসূচক ২৪৭ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৭,৯০১ দশমিক ৮৫, যা গতদিনের চেয়ে ৩ দশমিক ২৩ শতাংশ বেশি। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ২৩৮টি কম্পানির শেয়ার। তার মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত আছে ৫টির। লেনদেন হয়েছে ৫৮১ কোটি টাকার। ঢাকার পুঁজিবাজারে গত ১২ ডিসেম্বরের চেয়েও বড় ধস দেখা দেয় রোববার। এক দিনে সাধারণ সূচকে সর্বোচ্চ পতনে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা। এদিন প্রায় সব শেয়ারের দাম কমলেও আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ বড়ে। রোববার বেলা ৩টায় লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক দাঁড়ায় ৭৬৫৪ দশমিক ৪০ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৫৫১ পয়েন্ট কম। গত ১২ ডিসেম্বর এক দিনে সাধারণ সূচক ২৮৫ পয়েন্ট কমে যায়। গত ৬ নভেম্বর মূল্যসূচক কমে ২৩৩ পয়েন্ট। রোববার মোট ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম কমে ২৩৬টির, বাড়ে পাঁচটির এবং অপরিবর্তিত থাকে দুটির। দিন শেষে মোট ১৪৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেশি। রোববার দুপুর ১২টার দিকে সাধারণ সূচক ৩১১ পয়েন্ট কমে যাওয়ার পরপরই বিক্ষোভ শুরু হয়। এরপর পুঁজিবাজারের কিছু বিধি পরিবর্তন করে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এজে/১২২০ ঘ.