২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ডিসেম্বর শেষে পুঁজিবাজার স্থিতিশীল হবে'

ডিসেম্বরের পর শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 03:57 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসেম্বরের পর শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। ঢাকার শেয়ারবাজারে ব্যাপক দরপতনে সাধারণ বিনিয়োগকারীদের আতংকিত না হওয়ারও পরামর্শ দেন তিনি। ঢাকার পুঁজিবাজারে সাধারণ সূচকের পতন এবং শেয়ারের দাম পড়ে যাওয়ায় রোববার বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা। দুপুর ১২টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩১১ পয়েন্ট কমে যাওয়ার পরপরই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে স্লোগান দেন। তারা ডিএসই সভাপতি শাকিল রিজভীর পদত্যাগও দাবি করেন। রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মির্জ্জা আজিজ বলেন, "যে যাই বলুক না বাজারে কোনো অবস্থায়ই '৯৬- এর ঘটনার পুনরাবৃত্তি হবে না। এখানে একটা বিষয় মনে রাখতে হবে- '৯৬ সালে ডিএসই'র সূচক ছিল ৩৬০০ পয়েন্ট। এখন সেই সূচক বেড়ে ৮৫০০ পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল। সেখান থেকে ৫০০ পয়েন্ট কমাটাকে আমি স্বাভাবিক বলেই মনে করি।" তিনি আরো বলেন, "বেশ কিছুদিন ধরে আমি এবং এসইসি চেয়ারম্যান, ডিএসই ও সিএসই সভাপতিসহ বাজার বিশেষজ্ঞরা বলে আসছিলাম যে, বাজার অতিমূল্যায়িত হয়ে গেছে। সেই অতিমূল্যায়িত বাজারই এখন কারেকশন (মূল্য সংশোধন) হচ্ছে। আর তা স্বাভাবিক নিয়মেই হচ্ছে।" তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই অর্থ উপদেষ্টার মতে- মূলত: কয়েকটি কারণে গত কয়েক দিন শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। এর একটি হচ্ছে- হঠাৎ করেই ব্যাংকিং খাতে তারল্য সংকট। কলমানি সুদের হার ১৭৫ শতাংশে উঠে যাওয়া, ব্যাংকিং সিস্টেমে এক ধরনের অস্থিরতা। এছাড়া বছরের শেষ মাসে হিসাব সমন্বয় করার জন্য অনেক প্রতিষ্ঠান তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দেওয়ায় বিক্রির চাপ বেড়ে গেছে। এ কারণে শেয়ারের দরপতন হয়েছে বলে তিনি মনে করেন। এ প্রসঙ্গে মির্জ্জা আজিজ বলেন, শেয়ারের দাম অনেক বেড়ে যাওয়ায় অনেক বিনিয়োগকারী মোটা অংকের মুনাফা পাওয়ায় তাদের শেয়ার বিক্রি করে দিয়েছে। এ কারণে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় শেয়ারের দাম কমেছে। আর দাম কমা দেখে সাধারণ বিনিয়োগকারীরাও আতংকিত হয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছে। এ কারণেই বাজারে বড় ধরনের পতন হয়েছে। তবে এ দরপতনকে '৯৬ সালের সঙ্গে তুলনা করা কোনোভাবেই ঠিক নয় মন্তব্য করে তিনি বলেন, ওই সময় ধারাবাহিকভাবে বেশ কিছুদিন শেয়ারের পতন ঘটেছিল। সে সময় ডিএসই'র সূচক ছিল ৩৬০০ পয়েন্ট। সেই সূচক থেকে ২০০ পয়েন্ট কমলেই ব্যাপক দরপতন হত। কিন্তু এখন সূচক ৮৫০০ পয়েন্ট। এই সূচক থেকে ৫০০ পয়েন্ট কমাটা স্বাভাবিক। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও এসইসি'র কিছু সিদ্ধান্ত পুঁজিবাজারে সাম্প্রতিক দরপতনের জন্য দায়ী বলে এসইসি'র সাবেক এই চেয়ারম্যান মনে করেন। মির্জ্জা আজিজ বলেন, "আমি মনে করি এখনও আমাদের শেয়ারবাজার অতি মূল্যায়িত। এর সূচক ৬০০০ থেকে ৬৫০০ পয়েন্টের মধ্যে থাকা উচিত। ৮৫০০ পয়েন্ট সূচক এই বাজারের জন্য কোনো অবস্থায়ই স্বাভাবিক নয়।" এ প্রসঙ্গে তিনি বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় পুঁজিবাজার স্থিতিশীল রাখতে অর্থমন্ত্রণালয়, এসইসি ও বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে সমন্বয় কমিটি গঠনের কথা উল্লেখ করেন। ওই কমিটির নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল। দরপতনের পর রোববার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু পুঁজিবাজারের স্বার্থেই এই কমিটির সভা নিয়মিত হওয়া উচিত বলে তিনি মনে করেন। সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশে মির্জ্জা আজিজ বলেন, আতংকিত হওয়ার কিছু নেই। এখন বুঝে-শুনে শেয়ার কেনাবেচা করতে হবে। গুজবে কান দিলে লাভের চেয়ে ক্ষতি হওয়ার আশংকাই বেশি। এক্ষেত্রে সরকার বাজারে নতুন শেয়ার ছাড়ার যে উদ্যোগ দিয়েছে তা দ্রুত সম্পন্ন করার পরামর্শ দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২১৪৬ ঘ.