আবদুল্লাহ আল মুঈদ
ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে গত ১২ ডিসেম্বরের চেয়েও বড় ধস দেখা গেছে রোববার। এক দিনে সাধারণ সূচকে সর্বোচ্চ এ পতনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। প্রায় সব শেয়ারের দাম কমেছে। তবে আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেনের পরিমাণ।
রোববার বেলা ৩টায় লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক দাঁড়ায় ৭৬৫৪ দশমিক ৪০ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৫৫১ পয়েন্ট কম।
গত ১২ ডিসেম্বর এক দিনে সাধারণ সূচক ২৮৫ পয়েন্ট কমে যায়। গত ৬ নভেম্বর মূল্যসূচক কমে ২৩৩ পয়েন্ট।
রোববার মোট ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম কমেছে ২৩৬টির, বেড়েছে পাঁচটির এবং অপরিবর্তিত রয়েছে দুটির।
দিন শেষে মোট ১৪৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেশি।
লেনদেনের পরিমাণ বাড়ার বিষয়ে এসইসির সাবেক নির্বাহী প্রধান সালাহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেয়ারের দাম পড়ে যাওয়ায় কেউ কেউ সুযোগে কিনতে থাকায় লেনদেনের পরিমাণ বাড়তে পারে।"
লেনদেনের শুরুতে শুরুতে দুপুর ১২টার দিকে সাধারণ সূচক ৩১১ পয়েন্ট কমে যাওয়ার পরপরই বিক্ষোভ শুরু হয়। এরপর পুঁজিবাজারের কিছু বিধি পরিবর্তন করে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বিক্ষোভকারীরা ডিএসই এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে স্লোগান দেয়। ডিএসই সভাপতি শাকিল রিজভীর পদত্যাগও দাবি করে তারা।
বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা একটি গাড়ি ভাংচুর করলে মতিঝিল থেকে আর কে মিশন রোড পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধরা ডিসএসই ভবনের আশপাশের ভবনে ইটও ছোড়ে। এতে আহত হন দৈনিক কালের কণ্ঠের এক আলোকচিত্রী।
এরপর ব্যাপক সংখ্যক পুলিশ ও র্যাব সদস্যরা রাস্তা থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিলে দুপুর ২টায় ওই সড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।
বিক্ষোভের পরপরই পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা এসইসি এক জরুরি বৈঠকে বসে। এরপর বিনিয়োগকারীদের প্রতিনিধি দলও দেখা করে এসইসির নির্বাহী পরিচালকদের সঙ্গে।
সাধারণ বিনিয়োগকারীরা বাজারে ধসে ক্ষোভ প্রকাশ করেছেন। আনোয়ার হোসেন নামে এক বিনিয়োগকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ৩০ লাখ টাকা বিনিয়োগের মূল্যমান এক সপ্তাহ আগে কমে ২৬ লাখে দাঁড়িয়েছিলো, আজ একদিনে তা আরো দুই লাখ টাকা কমেছে।"
"বাজারে পতন অব্যাহত থাকলে লাখ লাখ বিনিয়োগকারী পথে বসবে। আমরা অনেকেই আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা ধার করে বাজারে খাটাচ্ছি", বলেন তিনি।
বাজার স্থিতিশীল করতে সরকারের পদক্ষেপ প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা।
দুপুরের পর বিনিয়োগকারী সমিতির একটি প্রতিনিধি দল এসইসির নির্বাহী প্রধান আনোয়ারুল কবীর ভূঁইয়ার সঙ্গে দেখা করেন।
সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু বাজারে অস্থিরতার জন্য এসইসি'র পরিচালনা পর্যদের দুই সদস্য মুনসু আলম ও ইয়াসিন আলীকে দায়ী করে তাদের পদত্যাগ দাবি করেন।
তিনি সাংবাদিকদের বলেন, "তাদের সঙ্গে বৈঠকে এসইসির নির্বাহী তাদের বলেছেন, বাজারের পতন রোধে কিছু সিদ্ধান্ত নিতে চেয়েছিলো এসইসি। কিন্তু এ দুজন তাতে বাধ সাধে।"
বাজার স্থিতিশীল করতে দ্রুত পদক্ষেপ দাবি করেছে বিনিয়োগকারী সমিতি।
অন্যদিকে এসইসি নির্বাহী আনোয়ারুল কবীর প্রতিষ্ঠানের দুই সদস্যের বিষয়ে বিনিয়োগকারী সমিতির বক্তব্য নাকচ করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, "এ ধরনের কথা আমার বলার প্রশ্নই আসে না।"
আনোয়ারুল বলেন, "বেশ কিছুদিন ধরে বাজারে নিুগতি চলছিলো। আজ বাজার পর্যালোচনা কমিটি কিছু সিদ্ধান্ত নিয়েছে।"
বৈঠকে আগামী ২ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া বর্ধিত মেম্বার মার্জিন জমা দেওয়ার হার পুনর্নিধারণের সিদ্ধান্ত বাতিল করা হয়।
আগের সিদ্ধান্তে ব্রোকারেজ হাউজগুলোর শেয়ার লেনদেনের ওপর জামানত রাখার হার বাড়ানো হয়েছিলো।
মার্জিন লোনের অনুপাত ১:১ থেকে পরিবর্তন করে ১:১.৫ করা হয়েছে। বাজারের দুটি বড় শেয়ার ম্যারিকো ও গ্রামীণফোনকে স্কট মার্কেট থেকে সাধারণ মার্কেটে নেওয়া হয়েছে।
বাজারে ধসের বিষয়ে এসইসি নির্বাহী বলেন, "কেন্দ্রীয় ব্যাংক সিআরআর ও এসএলআর বাড়ানোর কারণে বাজারে তারল্য সঙ্কট বেড়েছে। তার প্রভাব পড়ছে বাজারে।"
একই মত প্রকাশ করে সাবেক নির্বাহী সালাহউদ্দিন বলেন, "কলমানি রেট বেড়ে যাওয়ায় মার্চেন্ট ব্যাংকগুলো তারল্য সরবরাহ কমিয়ে দিয়েছে। এর প্রভাব পড়েছে বাজারে।"
(পুঁজিবাজারে এই প্রতিবেদকের প্রত্যক্ষ বা পরোক্ষ কোন বিনিয়োগ নেই)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এসআইএম/আরবি/এমআই/পিডি/১৮৩৫ ঘ.
bdnews24