২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে তিন মাসে সবচেয়ে কম লেনদেন

অস্থির ঢাকার পুঁজিবাজারে গত তিন মাসে বুধবার সবচেয়ে কম লেনদেন হয়েছে। পড়েছে অধিকাংশ শেয়ারের দাম। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 09:28 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্থির ঢাকার পুঁজিবাজারে গত তিন মাসে বুধবার সবচেয়ে কম লেনদেন হয়েছে। পড়েছে অধিকাংশ শেয়ারের দাম। বুধবার সারাদিনে মোট ১ হাজার ২৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৮ শতাংশ কম। এর আগে সবচেয়ে কম লেনদেন হয় গত ১৩ সেপ্টেম্বর। সেদিন ১ হাজার ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিলো। বুধবার মোট ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম কমেছে ১৯৯টির, বেড়েছে ৪১টির। তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো। দিনের শেষে সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ১ দশমিক ৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮২০৬ দশমিক ১৭। যা আগের দিনের চেয়ে ১৪৮ দশমিক ৬৬ শতাংশ কম। ৩০টি ব্যাংকের মধ্যে ২৬টির শেয়ারের দাম কমেছে, বেড়েছে তিনটির বেড়েছে এবং দাম অপরিবর্তিত রয়েছে একটির। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রায় সবগুলোর শেয়ারের দামই পড়েছে। দরপতন হয়েছে ইন্স্যুরেন্স, সিমেন্ট, বস্ত্র ও ওষুধ কোম্পানিগুলোর শেয়ারেরও। দিনে ম্যাকসন্স স্পিনিং মিলের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। তাদের প্রায় ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে আফতাব অটো। ব্যাংকগুলোর মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার বেশি লেনদেন হয়েছে। ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন নিয়ে দিনে পঞ্চম অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। জ্বালানি খাতের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তিতাস গ্যাসের শেয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৮১০ ঘ.