চিংড়ির নাইট্রোফুরান জটিলতা কাটছে: মন্ত্রী
ইউরোপে চিংড়ি রপ্তানিতে নাইট্রোফুরান জটিলতা কাটছে জানিয়ে মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আশা করছেন, আগামী মার্চ থেকে রপ্তানি করা চিংড়ি পুনঃপরীক্ষা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
বাংলাদেশের চিংড়িতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাইট্রোফুরানের মাত্রাতিরিক্ত উপস্থিতির কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আপত্তির মুখে বাংলাদেশ গত বছরের নভেম্বর মাসে চিংড়ি রপ্তানি বন্ধ করে দেয়।
প্রায় ছয় মাস বন্ধ থাকার পর গত মে মাসে ইইউভুক্ত দেশগুলোতে চিংড়ি রপ্তানি শুরু হয়। তবে রপ্তানি করার চিংড়ির ২০ শতাংশ ইইউ পুনরায় পরীক্ষা করে থাকে।
মৎস্যমন্ত্রী লতিফ বিশ্বাস বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাজ্য ও বেলজিয়ামের দুটি পরীক্ষাগারে বাংলাদেশের চিংড়ির নাইট্রোফুরানের উপস্থিতি নিয়ে গবেষণা হয়। দেশ দুটির গবেষকরা চিংড়ির খোসায় নাইট্রোফুরানের উপস্থিতিকে প্রাকৃতিক হিসেবে মত দিয়েছে। তারা বলেছে, এটা ক্ষতিকর নয়।
নাইট্রোফুরানের উপস্থিতি রোধে বাংলাদেশের নেওয়া পদক্ষেপগুলোকে ইইউ ইতিবাচক বলে মনে করছে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, আগামী মার্চে ইইউ'র একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরের পর রপ্তানি করা ২০ শতাংশ চিংড়ি পরীক্ষাও বন্ধ হয়ে যাবে বলে আশা করছি।
চিংড়ি রপ্তানি নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত চার মাসে ইইউসহ বিভিন্ন দেশে চিংড়ি রপ্তানি করে বাংলাদেশ প্রায় ১ হাজার ৫৬৪ কোটি টাকা আয় করেছে।
গত ২০০৯-১০ অর্থবছরে চিংড়ি রপ্তানি থেকে আয়ের পরিমাণ ছিলো ১ হাজার ২১৬ কোটি টাকা।
