সাভার, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনা নয়, আশুলিয়ায় হা-মীমের কারখানায় কেউ আগুন ধরিয়ে দিয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা।
হা-মীম গ্র"পের উপ-ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বুধবার সাংবাদিকদের বলেছেন, "বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়নি। কেউ নাশকতামূলকভাবে এই কর্মকাণ্ড ঘটিয়েছে।"
আশুলিয়ার নরসিংহপুরে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি একে আজাদের 'দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার' নামের বহুতল ওই পোশাক কারখানায় মঙ্গলবার দুপুরে আগুন লাগে। রাত ৯টার আগুন নেভানো হয়।
অগ্নিকাণ্ডে মোট ৩১ জন নিহত হওয়ার বিষয়টি বিভিন্ন হাসপাতালে খবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে হা-মীম কর্তৃপক্ষ বলছে, নিহতের সংখ্যা ২৩। নিহত ১৭ জনের নামের একটি তালিকাও প্রকাশ করেছে তারা।
দুপুরে কারখানা এলাকায় এক সংবাদ সম্মেলনে দেলোয়ার বলেন, "আমাদের কারখানার নিয়ম হচ্ছে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত যখন মধ্যাহ্ন ভোজের বিরতি থাকে, সে সময় পুরো কারখানার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তাই বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুন লাগার ধারণা ঠিক নয়।"
আগুন লাগলে বেল বাজানোর নিয়ম থাকলেও ওই সময় কেউ কারখানায় বেল বাজায়নি বলে জানান তিনি।
আগুনের ঘটনা তদন্তে সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে, এর পাশাপাশি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আরেকটি তদন্ত কমিটি করেছে।
বিজিএমইএ গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার থেকে কাজ শুরু করবে বলে জানান দেলোয়ার।
অগ্নিকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।"
এদিকে বুধবার সকালে কারখানার সামনে জড়ো হন শ্রমিকরা। তারা দাবি করছে, তাদের অনেক সহকর্মী এখনো নিখোঁজ। ওই কারখানায় শ্রমিকের সংখ্যা ৬ হাজার।
এ বিষয়ে দেলোয়ার বলেন, "আমরা নিখোঁজদের স্বজনদের সঙ্গে কথা বলে একটি তালিকা তৈরি করছি। এখন পর্যন্ত ৮-১০ জনের তালিকা পেয়েছি।"
শাহনাজ বেগম নামে এক নারী ভোর থেকে হা-মীম গ্র"পের কারখানার সামনে অপেক্ষা করছেন তার স্বামী রনজু মিয়ার জন্য। যখন আগুন লাগে তখন স্যুইং অপারেটর রনজু মিয়া ভবনের ১১ তলায় খাবার খাচ্ছিলেন।
পলমল গ্র"পের পোশাক শ্রমিক শাজনাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই সময় রনজু মিয়া তার মা খোদেজা বেগমকে মোবাইল ফোনে জানান, মা আমি মরে যাচ্ছি। তোমার সঙ্গে কোনো বেয়াদবি করলে আমাকে মাফ করে দিও।"
অনেক হাসপাতালে খুঁজেও রনজুর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে শাহনাজ জানান।
এলাকায় বিপুল সংখ্যক র্যাব, পুলিশ মোতায়েন রয়েছে। কারখানায় বুধ ও বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে।
মৃতের তালিকা
কারখানার পরিচালক (প্রডাকশন) সুনীল কুমার সরকার সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২৩ জন মারা গেছে। এর মধ্যে ১৯ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে আরো চারটি লাশ।
১৭ জনের নাম-ঠিকানা প্রকাশ করেছে হা-মীম কর্তৃপক্ষ। তারা হলেন- মোজ্জামেল (বাড়ি দিনাজপুর), মারুফ (ব্রাহ্মণবাড়িয়া), তানিয়া (বরগুনা), অঞ্জনা (জামালপুর), ফরিদ (দিনাজপুর), হালিমা (ব্রাহ্মণবাড়িয়া), রুহুল আমিন (বগুড়া), রাসেল (মাদারীপুর), বাবুল (ময়মনসিংহ), হিমেল (মানিকগঞ্জ), রিয়াজুল (গাইবান্ধা), রিনা (বরিশাল), দেলোয়ার (ফরিদপুর), মানসুরা (ফরিদপুর), মামুন (বাগেরহাট), সালিম (সিরাজগঞ্জ), রনজু (সিরাজগঞ্জ), শাহিন (বগুড়া) এবং শাহ আলম, সোহেল, রেজাউল করিম। এদের পরিচয় পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৫০ ঘ.
bdnews24