সাভার/ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় হা-মীম গ্র"পের কারখানার আগুন নিভেছে। শেষ খবর অনুযায়ী অগ্নিকাণ্ডের ফলে মৃতের সংখ্যা ৩১। এ সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধদলীয় নেত্রী খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন।
রাত ৯টার দিকে আগুন নেভার খবর সাংবাদিকদের জানিয়েছেন দমকল বাহিনীর মহাপরিচালক আবু নাঈম মো. শহীদুল্লাহ।
তিনি বলেন, "আগুন নেভানো হয়েছে। তবে স্থানে স্থানে কাপড়ের ফাঁকে ছোটো আকারের আগুন এখনো নেভানো যায়নি।"
আশুলিয়ার নরসিংহপুরে বহুতল ওই কারখানা ভবনে মঙ্গলবার দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা জানায়।
সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পানির সঙ্কটে কাজ ব্যাহত হচ্ছিলো। এরপর ঢাকা থেকে ওয়াসার পানির গাড়ি ঘটনাস্থলে যায় বলে জানান মহাপরিচালক।
দমকল বাহিনীর উদ্ধার কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরাও উদ্ধার কাজে অংশ নিয়েছে। ঘটনা তদন্তে সরকারি ও বেসরকারি পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে।
গত বছরের জুন মাসে শ্রমিক অসন্তোষের সময় এ কারখানার পাশেই হা-মীম গ্র"পের আরেকটি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি একে আজাদ হা-মীম গ্র"পের কর্ণধার।
মৃতের সংখ্যা ৩১
যাদের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, তাদের বেশিরভাগই আগুন থেকে বাঁচতে ১১ তলা ভবন থেকে লাফিয়ে পড়েছিলেন। কারখানার ভেতরে কতজন মারা গেছে তা নিশ্চিত করতে পারেনি দমকল বাহিনী।
আগুন লাগার পর লাফিয়ে পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যায়। সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান আশরাফুল ইসলাম ও আজিজুল হক নামে দুজন। আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ছয়টি লাশ দেখা গেছে। সেখানে আহত অবস্থায় ভর্তি আছেন ২৫ জন।
আশুলিয়া নাইটিঙ্গেল হাসপাতালে দুইজনের লাশ রয়েছে। এর মধ্যে একজন নারীর পরিচয় পাওয়া গেছে
bdnews24