নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত কাঠামো অনুযায়ী বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি পোশাক কারখানায় ভাংচুর চালিয়েছে শ্রমিকরা।
রবিনটেক্স বিডি লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকদের অবরোধের কারণে শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি চলাচলও বন্ধ ছিলো।
তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন।
কারখানাটির শ্রমিক মোসলেমা, নিলুফার ইয়াছমিন, আম্বিয়া বেগম, জাকির হোসেন ও আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা করলেও তাদের বেতন-ভাতা বাড়ানো হয়নি। মালিকপক্ষ পুরনো নিয়মে বেতন-ভাতা দিচ্ছে। বারবার বেতন বাড়ানোর কথা বলা হলেও কোনো সুরাহা না হওয়া শনিবার শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে ওঠে।
রবিনটেক্স বিডি লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুস সালাম ও মহাব্যবস্থাপক শামীম আহাম্মেদ জানান, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর মাস থেকে কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছিল। তাছাড়া নভেম্বর মাসের অতিরিক্ত টাকাও ডিসেম্বরে যাতে শ্রমিকদের দেওয়া হয় সে বিষয়েও মালিকের সঙ্গে কথা চলছে।
তারা বলেন, শ্রমিকরা হামলা চালিয়ে মিলের বিভিন্ন সেকশনে যন্ত্রপাতি, কম্পিউটার, আসবাবপত্র ভাংচুর ও মূল্যবান জিনিষপত্র লুট করেছে। এতে মিলের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।
রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় অবস্থিত রপ্তানিমুখী ওই পোশাক কারখানায় ৭-৮ হাজার শ্রমিক কাজ করে।
তিনি বলেন, "শ্রমিকরা শনিবার সকাল ৮টায় কারখানায় ঢুকে কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। সাড়ে ৯টার দিকে তারা কারখানার প্রধান ফটকে তালা দিয়ে ভেতরে হামলা চালায়।
"বিক্ষুব্ধ শ্রমিকরা তখন কর্মকর্তাদের অবরুদ্ধ করে কারখানার আসবাবপত্র, কম্পিউটার, মেশিনসহ বিভিন্ন মালামাল ভাংচুর করে। এ সময় শ্রমিকদের হামলায় কারখানার মহিলা কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন আহত হয়।"
আহতদের মধ্যে রয়েছেন- কারখানা কর্মকর্তা সামছুন নাহার (২৮), শ্রমিক আকলিমা (২৩), দেলোয়ার (২৭), মহিবুর (২১), ইকবাল (২৮), মোফাজ্জল (২২), ইমান আলীসহ (২০) অন্তত ১০ জন। তাদের রূপগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরুদ্ধ করলে সড়কের উভয়পাশের ছয় কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় তারা ৫-৭টি গাড়ি ভাংচুর করে।
পরে মালিকপক্ষ ও শ্রমিকদের বৈঠকে সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে শ্রমিকেরা কাজে যোগ দেয়। দুপুর ২টার দিকে পরিস্থিতি শান্ত হয়।
এদিকে বেতন বৃদ্ধির দাবিতে ফতুলল্লার পঞ্চবটি বিসিক শিল্প নগরীর স্কারলেট গার্মেন্টস শ্রমিকরা সকাল থেকেই বিক্ষোভ করেছে।
শ্রমিকদের দাবি, নতুন বেতন কাঠামো অনুযায়ী কিছু কিছু দক্ষ শ্রমিককে পুরাতন গ্রেডে আওতাভুক্ত করে তাদের স্বল্প বেতন দেওয়া হচ্ছে। শ্রমিকরা এসব অভিজ্ঞ ও দক্ষ শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি জানান।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বলেন, বেতনভাতা নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/ডিডি/১৮৫৮ ঘ.
bdnews24