ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের শেয়ার বাজারে মূল্যধস নেমেছে। বুধবার দুপুরে
শেয়ারের দরপতনের খবরে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা।
ঢাকার পুঁজিবাজারে গত ৫ ডিসেম্বর দিনের লেনদেনে নতুন রেকর্ড হওয়ার দুই দিনের মাথায় এ ঘটনা ঘটলো।
ওদিকে, দরপতনের খবরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সামনে বুধবার দুপুর দেড়টায় বিক্ষোভ করেন কয়েকশ' বিনিয়োগকারী। ফেনী ও সিরাজগঞ্জেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।
বুধবার দরপতনের পর দুপুর ১২টার দিকে মতিঝিলে ডিএসই ভবনের সামনে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে বন্ধ করে দেওয়া হয় ডিএসইর প্রধান ফটক। দুপুর ২টার দিকে ফটক খুলে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএসইর সামনে দাঙ্গা পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে ব্যবসায়ীরা রাস্তায় চেয়ার-টেবিল ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশি তৎপরতায় দুপুর দেড়টার দিকে গাড়ি চলাচল শুরু হয়। তবে বিক্ষোভকারীরা ডিএসই ভবন ও সামনের রাস্তায় অবস্থান নেয়। রাস্তায় গাড়ি চলাচল করলেও সংখ্যায় কম।
গত ৫ ডিসেম্বর ঢাকার পুঁজিবাজারে দিন শেষে মোট লেনদেন দাঁড়ায় ৩ হাজার ২৪৯ কোটি ৫৭ লাখ টাকা। যা আগের যে কোনো দিনের চেয়ে ছিলো বেশি।
এর আগে গত ৩০ অক্টোবর সর্বোচ্চ ৩ হাজার ২০৮ কোটি টাকা লেনদেন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএএম/এলএইচ/এজে/কেএমএস/১৫১৫ ঘ.
bdnews24