২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেম্বার পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির নির্বাচনে 'চেম্বার পরিষদ' পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 04:00 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির নির্বাচনে 'চেম্বার পরিষদ' পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। রাত পৌনে ৯টার দিকে নির্বাচন কমিশন চেয়ারম্যান নজমুল হক চৌধুরী নির্বাচনে বিজয়ী ২৪ পরিচালকের নাম ঘোষণা করেন। চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির (সিসিসিআই) বর্তমান সভাপতি ও সংসদ সদস্য এম এ লতিফের নেতৃত্বাধীন 'চেম্বার পরিষদের' সকল প্রার্থীই জয়লাভ করেছেন। তবে এম এ লতিফ এই নির্বাচনে অংশ নেননি। নজমুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বণিক সমিতির নির্বাচনে ৫৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।" তিনি জানান, ৬ হাজার ৬১২ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৬৪২ জন ভোট দিয়েছেন। ফলাফলে চেম্বার পরিষদের প্রার্থীরা চার ক্যাটাগরিতে পরিচালক পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। চট্টগ্রাম চেম্বার ভবনে সকাল ৯টায় শুরু হয়ে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নমিনি ভোটারের বিষয়ে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ এনে চেম্বারের সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরীর নেতৃত্বাধীন 'ব্যবসায়ী পরিষদ' নির্বাচন বয়কট করে। দুপুরে সংবাদ সম্মেলন করে তারা এ বিষয়ে আদালতে শরণাপন্ন হওবার ঘোষণা দেন। 'চেম্বার পরিষদে'র নির্বাচিত পরিচালকগণ হলেন, সাধারণ ক্যাটাগরিতে এম এ সালাম, নুরুন নেওয়াজ সেলিম, আশিক ভূইয়া, শাহীন আলম, আব্দুল্লাহ আল আহসান (মুক্তা), মাজহারুল ইসলাম চৌধুরী, এমদাদুল হক চৌধুরী, ক্যাপ্টেন শফি চৌধুরী, মো. হাবীবুল হক, শেখ মাহফুজ হামিদ, জাহিদ হোসেন মিয়া, মোরশেদ আরিফ চৌধুরী। এসোসিয়েট ক্যাটাগরিতে নির্বাচিত পরিচালকগণ হলেন মাহবুব আলম, সৈয়দ ছগীর আহম্মদ, এস এম মাহবুবুল ইসলাম, মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী, অহিদ সিরাজ চৌধুরী। এছাড়া টাউন ও ট্রেড এসোসিয়েশন থেকে ছয় পরিচালক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন, টাউন এসোসিয়েশনের আবছার হাছান চৌধুরী, জহুরুল আলম ও ওমর ফারুক এবং ট্রেড এসোসিয়েশনের আরশাদুল আলম, মোরশেদ মুরাদ ইব্রাহীম ও সৈয়দ জামাল আহমেদ। নির্বাচিত পরিচালকরা পরবর্তীতে নতুন সভাপতি, সিনিয়র সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন বলে জানান সিসিসিআই সচিব ওসমান গণি চৌধুরী। নতুন পরিচালকরা দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/২১৫১ ঘ.