২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে বাংলাদেশ ক্যাবলের শেয়ার মার্চের মধ্যে

নতুন প্রকল্পের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে আগামী মার্চের মধ্যে পুঁজিবাজারে শেয়ার ছাড়তে যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 03:57 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

শেখ শাহরিয়ার জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন প্রকল্পের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে আগামী মার্চের মধ্যে পুঁজিবাজারে শেয়ার ছাড়তে যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড। সোমবার প্রতিষ্ঠানের সচিব লুৎফুর রহমান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার ব্যবস্থাপনায় সোমবার স্বদেশ ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট লিমিটেড এর সঙ্গে একটি চুক্তি সই হয়েছে। "আগামী মার্চের মধ্যে এ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব পালন করবে স্বদেশ ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট লিমিটেড।" তিনি জানান, সংগৃহীত অর্থ খুলনায় একটি পাওয়ার ক্যাবল ও গৃহে ব্যবহারের বৈদ্যুতিক তারের একটি প্ল্যান্ট স্থাপনে ব্যয় হবে। খুলনায় অবস্থিত বাংলাদেশ ক্যবল শিল্প লিমিটেড ১৯৭২ সাল থেকে উৎপাদন শুরু করে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটির কোনো লোকসান হয় নি। । গত অর্থবছরে কোম্পানীর ১২ কোটি ৮০ লাখ টাকা মুনাফা হয়েছে জানিয়ে তিনি বলেন, "আমরা ভাল প্রিমিয়াম প্রত্যাশা করছি।" ওই সময় টার্নওভার ছিল ৪০ কোটি ৮০ লাখ টাকা। এ বছর জানুয়ারিতে সরকার রাষ্ট্রায়ত্ত ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডও ছিল। লুৎফুর রহমান বলেন, "বাংলাদেশ ক্যাবল এখন টেলিফোনের তার উৎপাদন করছে। আগামী বছরের জানুয়ারি থেকে অপটিক্যাল ফাইবার ক্যাবল উৎপাদনে যাবে।" তিনি জানান, দ্রুততম সময়ে বাজারে শেয়ার ছাড়ার ব্যাপারে সহায়ক হবে বলে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের পরিবর্তে শেয়ারের ব্যবস্থাপনায় স্বদেশ ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেবি/এইচএ/২১৪৮ ঘ.