ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিসিসিআই'র নির্বাচন স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। ফলে মঙ্গলবার এ নির্বাচন হবে জানিয়েছেন ব্যারিস্টার রোকনউদ্দিন।
সোমবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ব্যবসায়ী নেতা মোহাম্মদ আবদুস সালামের দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়।
মঙ্গলবার সকাল ৯টা থেকে চেম্বার ভবনে যথারীতি ভোটগ্রহণ চলবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নির্বাচন কমিশনার নজমুল হক চৌধুরী।
পাশাপাশি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসিআই) নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও সরকারের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট।
আদেশের পর রিট আবেদনকারীর কৌঁসুলি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, "এই আদেশের ফলে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন কাল মঙ্গলবার হতে কোনো বাধা নেই।"
চট্টগ্রাম চেম্বারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১১-১২ মেয়াদের চেম্বার নির্বাচন মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যথারীতি অনুষ্ঠিত হবে। ভোটারদের আইডি কার্ড দেখিয়ে ভোট দেয়ার জন্য ওই বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।
সিসিসিআই'র নির্বাহী কমিটির নির্বাচন বৃহস্পতিবার স্থগিত করে বাণিজ্য মন্ত্রণালয়।
আদালত আদেশে বলেছে, এ নির্বাচনে কেউ প্রক্সি ভোট দিতে পারবে না।
নমিনি ভোটারের নামে ভুয়া ভোটার তালিকাভুক্তির অভিযোগে গত ২ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত এবং তা তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক (ট্রেড এন্ড অর্গানাইজেশন) মো. আবুল কালাম স্বাক্ষরিত ওই আদেশে বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১ এর ৯ (চ) এবং ৮ (ক) ধারা অনুসারে নির্বাচন স্থগিত করা হয়েছিল।
রিট আবেদনে সরকার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এবারের চেম্বার নির্বাচনে 'ব্যবসায়ী পরিষদ' ও ' চম্বার পরিষদ' নামের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ব্যবসায়ী পরিষদের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগ দলীয় সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে চেম্বারের সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।
চেম্বার পরিষদের নেতৃতত্বে আছেন সরকার দলীয় সাংসদ ও বর্তমান সভাপতি এম এ লতিফ। তবে তাদের দুইজনের কেউই সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২০৩৫ ঘ.
bdnews24