ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানি আয় বাড়ছেই। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ বেশি রপ্তানি আয় হয়েছে।
এই আয় সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার ৩০ শতাংশ বেশি।
গত বছরের নভেম্বরের তুলনায় এ বছর একই সময়ে রপ্তানি আয় বেড়েছে ৩০ শতাংশের বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রোববার রপ্তানি আয় সংক্রান্ত এ তথ্য প্রকাশ করেছে।
ইপিবি'র তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (২০১০-১১) প্রথম পাঁচ মাসে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ ৮২৭ কোটি ৫৩ লাখ ডলার আয় করেছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ৮০ শতাংশ বেশি। গত অর্থবছরে একই সময়ে ৬০৯ কোটি ৩৮ লাখ ডলার রপ্তানি আয় হয়।
শুধু নভেম্বর মাসে রপ্তানি আয় হয় ১৫৫ কোটি ৩৮ লাখ ডলারের ওপরে। যা আগের অর্থবছরের নভেম্বর মাসের তুলনায় ২৯ দশমিক ৭৬ শতাংশ বেশি। বিগত বছরের নভেম্বর মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ১১৯ কোটি ৭৫ লাখ ডলার।
চলতি অর্থবছরে মোট রপ্তানি লক্ষামাত্রা এক হাজার ৮৫০ কোটি ডলার। আর জুলাই-নভেম্বরে লক্ষ্যমাত্রা ছিল ৭১৪ কোটি ২৮ লাখ ডলার। আর এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৮২৭ কোটি ৫৩ লাখ ডলার। এ হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ দশমিক ৮৫ শতাংশেরও বেশি আয় হয়েছে ।
রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক। বরাবরের মত চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে তৈরি পোশাক খাত থেকেই সর্বোচ্চ পরিমাণে রপ্তানি আয় হয়েছে। নিট পোশাকে রপ্তানি আয় হয় ৩৫৩ কোটি ৩০ লাখ ডলারেরও বেশি। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৫৮ কোটি ৬ লাখ ডলার। প্রবৃদ্ধি ৩৬ দশমিক ৯০ শতাংশ।
এ খাতে লক্ষ্যমাত্রার তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২৮ দশমিক ৩১ শতাংশের বেশি। ওভেন গার্মেন্টস খাত থেকে অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রায় ৩৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত বছর একই সময়ে এই খাতে রপ্তানির পরিমাণ ছিল প্রায় ২১২ কোটি ৩৫ লাখ ডলার। আর এবছর রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮৮ কোটি ৪৪ লাখ ডলার।
জুলাই-নভেম্বর সময়ে চামড়া রপ্তানি থেকে আয় হয় ১০ কোটি ৯৮ লাখ ডলার। প্রবৃদ্ধি হয়েছে ৩০ শতাংশ। হিমায়িত খাদ্যে ৪০ শতাংশের ওপরে প্রবৃদ্ধি হয়ে রপ্তানি আয় হয়েছে ২৬ কোটি ৬২ লাখ ডলারের কিছু ওপরে। কৃষিজাত পণ্য রপ্তানিতে আয় হয়েছে ১৬ কোটি ১৪ লাখ ডলার।
পাট ও পাটজাত পণ্য থেকে রপ্তানি আয়ের ধনাত্মক প্রবৃদ্ধি চলতি অর্থবছরের পাঁচ মাসেও অব্যাহত রয়েছে। গত বছরের জুলাই-নভেম্বর সময়ের তুলনায় এবার প্রায় ৪৪ শতাংশ বেশি হয়ে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় দাঁড়ায় ৪৩ কোটি ৪৬ লাখ ডলারের কিছু বেশি। গত অর্থবছরের এই সময়ে এই খাতে রপ্তানির পরিমাণ ছিল ৩০ কোটি ২০ লাখ ডলারেরও বেশি।
এ সময়ে প্লাস্টিক, রাবার, হস্তশিল্প, কাগজ, সিল্ক, ফুটওয়্যার, টুপিসহ বেশির ভাগ পণ্যেই ধনাত্মক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২২৫০ ঘ.
bdnews24