র্ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে দিনের লেনদেনে নতুন রেকর্ড হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার দিন শেষে মোট লেনদেন দাঁড়ায় ৩ হাজার ২৪৯ কোটি ৫৭ লাখ টাকা। যা আগের যে কোনো দিনের চেয়ে বেশি।
এর আগে গত ৩০ অক্টোবর সর্বোচ্চ ৩ হাজার ২০৮ কোটি টাকা লেনদেন হয়।
এদিন সাধারণ মূল্য সূচকেও রেকর্ড হয়েছে। গত দিনের চেয়ে সূচক ৮০ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দিন শেষে দাঁড়ায় ৮৯১৮ দশমিক ৫১।
অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশের প্রধান ইওয়ার সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজারে বিনিয়োগ বেড়ে যাওয়ার এটি একটি স্পষ্ট লক্ষণ।"
ব্যাংক ও ব্যাংক বহির্ভূত বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ মিউচুয়াল ফান্ডের দাম এদিন অনেক বেড়ে যায়। তবে অন্যান্য খাতে অধিকাংশ শেয়ারের দরপতন হয়। এদিন কেবল ৩৭ শতাংশ শেয়ারের দাম বাড়ে এবং ৬১ শতাংশ শেয়ারের দাম পড়ে যায়।
লেনদেনের তালিকায় শীর্ষে ছিল আরব বাংলাদেশ (এবি) ব্যাংক। এই প্রতিষ্ঠানটির মোট একশ ৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর শেয়ারের দাম বেড়েছে নয় শতাংশ। লেনদেনে শীর্ষ ২০টি প্রতিষ্ঠানের তালিকায় ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ছিল ১৫টি। এই খাতে লেনদেনের তালিকায় এগিয়ে ছিল সাউথ ইস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক ও প্রাইম ব্যাংক।
ব্যাংক ছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনদেনে এগিয়ে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল লিমিটেড। প্রতিষ্ঠানটির মোট ৫৯ কোটি ১০ লাখ ২০ হাজার টাকার শেয়ারের লেনদেন হয়। তবে এর শেয়ারের দাম এক শতাংশের বেশি কমে যায়।
নয়শ ১৬ কোটি টাকা লেনদেন হয়ে পঞ্চম স্থানে ছিল বেক্সিমকো।
তবে জ্বালানি ও টেলিযোগাযোগ খাতে সবকটি শেয়ারের দরপতন হয়।
দু'টি শেয়ারের লেনদেন স্থগিত
শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড ও এইচ. আর. টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারের লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
রোববার ডিএসই'র ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে বলা হয়, হঠাৎ করে ওই দু'টি শেয়ারের দাম বেড়ে যাওয়ার কারণ তদন্ত করে দেখা হবে।
লেনদেনে স্থগিতাদেশ দেওয়ার আগে সায়হাম টেক্সটাইলের শেয়ারের দাম নয় শতাংশ বেড়ে যায়। এই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১৯৯ দশমিক ৭৫ টাকা বেড়ে দিন শেষে দাঁড়ায় ২,১৯৯ দশমিক ৫০ টাকা।
এইচ. আর. টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারের দাম বাড়ে ১২ দশমিক ৪২ শতাংশ বা ১২৬ দশমিক ৫০ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমআই/এএএম/জেবি/পিডি/১৯০৫ ঘ.
bdnews24