ঠাকুরগাঁও, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাত হাজার ২৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নিয়ে ঠাকুরগাঁও চিনিকলে আখ মাড়াই শুরু হয়েছে শুক্রবার।
পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বিকালে আনুষ্ঠানিকভাবে আখ মাড়াই উদ্বোধন করেন।
চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক শিবেন্দ্র নাথ সরকার সাংবাদকিদের জানান, চলতি বছর এক লাখ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশকিম ২৫ ভাগ।
তিনি মনে করেন, আখের যে অবস্থা তাতে চিনি আহরণ হার কম হতে পারে। আহরণ হার ৬ দশমিক ৫ ভাগ হলে চিনি উৎপন্ন হবে সাড়ে ৬ হাজার মেট্রিক টন।
আখ সংকট না হলে চিনিকলটি ৯০ দিন চালু থাকবে বলে জানান শিবেন্দ্র নাথ।
আখ মাড়াই উদ্বোধন করে মন্ত্রী বলেন, খুব শিগগির ঠাকুরগাঁও চিনিকলটি আধুনিকীকরণ হবে।
বর্তমান সরকার আখের দাম বাড়িয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আখচাষীদের ভর্তুকি দেওয়া হবে।
মিল চত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক শিবেন্দ্র নাথ সরকার।
এতে আরো বক্তব্য রাখেন- চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যান ড. রণজিত কুমার বিশ্বাস, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৯ ঘ.
bdnews24