২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: খালেদা

পোশাক শিল্পে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে দাবি করে শিল্পোদ্যোক্তাদের 'বুঝেশুনে' কাজ করতে বললেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 02:06 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শিল্পে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে দাবি করে শিল্পোদ্যোক্তাদের 'বুঝেশুনে' কাজ করতে বললেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। খালেদা জিয়া বলেছেন, "পোশাক শিল্পে এক ধরনের অস্থিরতা, নৈরাজ্য সৃষ্টির প্রয়াশ চলছে। গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতিতে এমনিতেই এ শিল্প সংকটের মধ্যে রয়েছে। এর সঙ্গে এ শিল্পখাতে বিশৃঙ্খলা হলে এ খাতকে ধরে রাখা যাবে না। পোশাক শিল্পখাতে যাতে সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করে তার দ্বায়িত্ব সরকারেরই।" শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশনের (বাটেক্সপো) সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। খালেদা জিয়া বলেন, "দেশে আজ কী অবস্থা চলছে আপনারা সবাই জানেন। সে সম্পর্কে আলোচনা করে এ অনুষ্ঠানের আনন্দকে ম্লান করবো না। "তবে এ অবস্থা চলতে থাকলে শিল্প, উৎপাদন, উদ্যোক্তা ও অর্থনীতির অবস্থা কোথায় গিয়ে ঠেকবে, আমি শুধু সে সম্পর্কে আপনাদের সচেতন থাকতে বলবো। আমি শুধু আপনাদের প্রতি আহ্বান জানাবো, সবাই বুঝে শুনে কাজ করবেন।" "বিএনপি'র শাসনামলে বিজিএমইকে না জানিয়ে পোশাক শিল্পে জড়িত কোনো প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হতো না," জানিয়ে খালেদা বলেন, "এখন যখন-তখন লাইন বিচ্ছিন্ন করে দেশের শিল্প-কারখানাকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।" খালেদা জিয়া তার সরকার ও প্রয়াত জিয়াউর রহমানের সরকারের সময় পোশাক শিল্পের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং পোশাক শিল্পের জন্য সরকারের কাছে বেশকিছু দাবি দাওয়াও উত্থাপন করেন। তিনি বিজিএমইএ ইন্সটিটিউট অব ফ্যাশন এন্ড টেকনোলজিকে (বিআইএফটি) পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের লক্ষ্যে বিজিএমইএকে সহযোগিতা দিতে সরকারকে আহ্বান জানান। পাশাপাশি শ্রমিকদের জন্য রেশনিং কার্যক্রম পুনরায় চালু করা এবং রেশনিংয়ে চাল ছাড়াও ডাল, আটা, তেল, লবণ ইত্যাদি অন্তর্ভুক্ত করার দাবি জানান। পোশাক শিল্পের উন্নয়নে বন্দরের চার্জ, ব্যাংকের চার্জ ও ঋণের সুদের হার কমানো, গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান করা, মূলধনের প্রবাহ অব্যাহত রাখা, নগদ সহায়তা দেওয়া, পোশাক শিল্পে জেনারেটর ব্যবহারের জন্য ডিজেলের ওপর ভর্তুকি দেওয়াসহ সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন খালেদা জিয়া। পোশাক শিল্পের উদ্যোক্তাদের জন্য চলতি অর্থবছরের বাজেটে উৎসে আয়কর কর্তনের হার বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানান খালেদা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম, এমকে আনোয়ার, বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সিনিয়র মুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ। তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় প্রদর্শনী বাটেক্সপো শুরু হয়েছিল বৃহস্পতিবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৯৫৬ ঘ.