জয়পুরহাট, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের পর জয়পুরহাটেও ব্যবসায়ীরা ইউরিয়া ছাড়া অন্যান্য সার বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলার কালাই ও ক্ষেতলাল উপজেলায় তিন ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে।
কৃষকদের অভিযোগ, ডিলাররা কৃত্রিমভাবে এসব সারের সংকট তৈরির চেষ্টা করছেন। প্রয়োজনের তাগিদে তারা বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন।
খুচরা সার ব্যবসায়ীদের দাবি, চাহিদা অনুযায়ী বাংলাদেশ রসায়নিক শিল্প সংস্থার (বিসিআইসি) ডিলারদের কাছ থেকে প্রকৃত মূল্যে সার পাচ্ছেন না তারা।
এর আগে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় নির্ধারিত দামের চেয়ে বেশি দরে সার বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
জয়পুরহাটের সার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, সরকার দাম কমিয়ে প্রতি বস্তার (৫০ কেজি) মিউরেট অব পটাশ (এমওপি) সার ৭৫০ টাকা, ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ১ হাজার ৩৫০ টাকা ও ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার ১ হাজার ১০০ টাকা দরে বিক্রির নির্দেশ দিয়েছে।
কিন্তু চলতি আলু মৌসুমে চাহিদা বেড়ে যাওয়ায় ডিলাররা এসব সারের দাম বস্তা প্রতি ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন।
কালাই উপজেলার বালাইট গ্রামের জিয়াল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি প্রতিবস্তা ৮শ' টাকা দরে পাঁচ বস্তা এমওপি কিনেছেন।
আক্কেলপুর উপজেলার মাগুরা গ্রামের আব্দুল জলিল অভিযোগ করেন, ঈদের পর কয়েক দফা চেষ্টার পর সার পেলেও বস্তাপ্রতি তার কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি নিয়েছে ব্যবসায়ীরা।
একই এলাকার মফিজ উদ্দিন জানান, স্থানীয় কাশিড়া বাজারের খুচরা সার ব্যবসায়ী আব্দুল লতিফ ও আব্দুল হান্নানের কাছ থেকে তিনি ৮০০ টাকায় এমওপি ও ৬৫০ টাকায় ইউরিয়া সার কিনেছেন।
দাম বেশি নেওয়ার প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি বলে তিনি জানান।
ক্ষেতলাল বাজারের বই ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, ঈদের পর স্থানীয় সার ডিলারের কাছ থেকে তিনি ১ হাজার ৪৫০ টাকা দিয়ে এক বস্তা ডিএপি সার কিনেছেন।
জয়পুরহাট সদর উপজেলার মীরগ্রাম বাজারের খুচরা সার ব্যবসায়ী আব্দুল হাদী জানান, চাহিদা অনুযায়ী তারা সার সরবরাহ পাচ্ছেন না। যদিওবা পাচ্ছেন, বিসিআইসি'র ডিলাররা কমিশন কম দিচ্ছেন।
তাই পরিবহন খরচ মেটাতে কৃষকদের বলে কয়ে বস্তাপ্রতি 'সামান্য' বেশি দাম নিচ্ছেন তারা।
ক্ষেতলাল উপজেলার দাশড়া সড়াইল বাজারের খুচরা সার ব্যবসায়ী আব্দুল রহিম বলেন, বস্তাপ্রতি ৩৩ টাকা কমিশনে সার সরবরাহের কথা থাকলেও সংশ্লিষ্ট ডিলার তার কাছ থেকে বেশি দাম নিয়েছেন।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধির উপস্থিতিতে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেওয়ায় কালাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন মোল্লা সার ব্যবসায়ী খয়ের আলী, রেজাউল ও মোস্তাফিজকে ভর্ৎসনা করেন।
তিনি ফোনে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহিমকে জানান।
পরে ইউএনও ঘটনাস্থলে এসে ওই ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
ওইদিন অবৈধভাবে সংগ্রহ করে মজুদের অভিযোগ পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর হাসান ভূঁইয়া জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নানের গুদামে তালা ঝুলিয়ে দেন।
ওই সময় গুদামে ২০০ বস্তা ডিএপি সার ছিলো।
তবে সারের বৈধ কাগজপত্র দেখানোর পর গুদাম খুলে দেন ওই কর্মকর্তা।
জেলা সার মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলায় পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। সংকটের প্রশ্নই আসে না।"
তিনি জানান, জেলায় ৫৭ জন বিসিআইসি ও ৯১ জন বিএডিসি ডিলারের মাধ্যমে কৃষকদের মাঝে সার সরবরাহ করা হচ্ছে।
জেলা প্রশাসক জানান, আলু উৎপাদনের জন্য খ্যাত জয়পুরহাটে এবার নভেম্বর ও ডিসেম্বর মাসে সার বরাদ্দের পরিমান- এমওপি ৩ হাজার ৬১৯ মেট্রিক টন, টিএসপি ৩ হাজার ১০০ মেট্রিক টন, ডিএপি ১ হাজার ৬০৬ মেট্রিক টন ও ইউরিয়া ২ হাজার ৯০০ মেট্রিক টন।
সংকট সৃষ্টি করে সারের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ বিষয়ে তিনি বলেন, কোনো অসাধু ব্যবসায়ী যেন সার নিয়ে ফায়দা লুটতে না পারে সে জন্য দুজন অতিরিক্ত জেলা প্রশাসক ও পাঁচজন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ভ্রাম্যমাণ পর্যবেক্ষক দল করা হয়েছে।
দলগুলো জেলার পাঁচ উপজেলার বাজার পর্যবেক্ষক করবে। সার নিয়ে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০৮৪৭ ঘ.
bdnews24