২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় পোশাক কারখানা বন্ধ

শ্রমিক অসন্তোষের কারণে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 09:45 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

সাভার, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক অসন্তোষের কারণে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সকালে আশুলিয়ার টংগাবাড়ি এলাকার 'ন্যাচারাল ডেনিমস লিমিটেড' নামের তৈরি পোশাক কারখানায় এ বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানার ব্যবস্থাপক (মানবসম্পদ) মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন মজুরি কাঠামো অনুযায়ী বৃহস্পতিবার সব শ্রমিকের বেতনের নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হয়। শ্রমিকরা তা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে। শ্রমিকদের দাবী, নতুন বেতন কাঠামো অনুযায়ী তাদের যে পরিমান টাকা পাওয়ার কথা তার থেকে কম ঘোষণা করা হয়েছে। এতে তারা ক্ষুুব্ধ হয়ে কর্মবিরতি পালন ও কারখানার ভেতরে বিক্ষোভ করে। বৃহস্পতিবার দুপুরে দাবীদাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে তাদের সমঝোতা বৈঠকও ব্যর্থ হয়। পরে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা চলে যায়। মানব সম্পদ ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, "শ্রমিকরা কারখানায় ভাংচুর চালাতে পারে এমন আশঙ্কায় কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয়। শুক্রবার সকালে সাপ্তাহিক ছুটির দিনে মূল ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।" আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, উচ্ছৃঙ্খল শ্রমিকরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তাই কারখানার মূল ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৫৪৩ ঘ.