ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইনিশিয়াল পাবলিক অফারিংস (আইপিও) তালিকাভুক্তির সময় ২৫ থেকে ১৫ দিনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বৃহস্পতিবার এসইসি'র নির্বাহী পরিচালক এটিএম তারিকুজ্জামান সাংবাদিকদের জানান, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের (এমবিএ) সুপারিশের ভিত্তিতে বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও তালিকাভুক্তির সময় কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসইসি'র এক বৈঠক শেষে তিনি বলেন, "নতুন সিদ্ধান্ত অনুযায়ী আইপিও তালিকাভুক্ত করার প্রক্রিয়া ১৫ দিনের মধ্যে সম্পন্ন করা যাবে।"
এর আগে আইপিও তালিকাভুক্ত করতে ২৫ দিন সময় লাগত।
এর আগে বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও তালিকাভুক্ত করার প্রক্রিয়া সহজ করার বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও এমবিএকে একটি প্রতিবেদন দিতে বলা হয়।
এসইসি প্রধান বলেন, "এর ফলে পুঁজি বাজারে শেয়ারের সরবরাহ বাড়বে। এতে শেয়ারের অতিমূল্যায়িত দর কমে আসবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/পিডি/২২৩৬ ঘ.
bdnews24