২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক খাতে প্রণোদনা প্যাকেজ অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

তৈরি পোশাক খাতের উন্নয়নে সরকারের প্রণোদনা প্যাকেজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 10:22 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক খাতের উন্নয়নে সরকারের প্রণোদনা প্যাকেজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তৈরি পোশাক রপ্তানির দেশে সবচেয়ে বড় প্রদর্শনী বাটেক্সপো'র উদ্ধোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি বলেন, "তৈরি পোশাক খাতের উন্নয়নে যেখানে যা লাগে আমরা তাই দেবো। এ খাতের জন্য সরকারের প্রণোদনা প্যাকেজ অব্যাহত থাকবে।" ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য সরকার একশ কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজের চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী। আগামী বছরের মধ্যে অতিরিক্ত ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হবে জানিয়ে মন্ত্রী বলেন, "বিদ্যুতের বিষয়ে আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যে আমরা একটু স্বস্তির মুখ দেখবো।" বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন (বাটেক্সপো) দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতের সবচেয়ে জাঁকালো প্রদর্শনী ও মেলা হিসেবে পরিচিত। অন্য বছরের মতো এবারও প্রধানমন্ত্রীর উদ্বোধনের কথা থাকলেও তার বিদেশ সফরের কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেন, "অপ্রতুল গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, ব্যাংক ঋণের উচ্চ সুদ, আন্তর্জাতিক বাজারে তুলা ও সুতাসহ বিভিন্ন কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমাদের উৎপাদন খরচ বেড়েছে।" এসব সমস্যা সমাধানে সরকারের কাছে দাবি জানান তিনি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব অনুযায়ী গত অর্থবছরে বাংলাদেশ থেকে সাড়ে ১২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। যা মোট রপ্তানির ৭৭ শতাংশ। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, "পৃথিবীতে ৪০০ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাকের বাজার রয়েছে। তাই আমাদের রপ্তানি বাড়ানোর আরো সুযোগ রয়েছে।" উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দীকি, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। এবারের মেলায় দর্শক ও ক্রেতা সমাগম বেশি হবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা। মেলায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, হংকং, জাপান, থাইল্যান্ড, ব্রাজিলের ৮৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মোট স্টলের সংখ্যা ১৩৭টি। মেলা চলাকালে সেমিনার, ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। আগামী শনিবার মেলার সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলে জানান সালাম মুর্শেদী। চলতি অর্থবছরে প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশ থেকে ২৮৮ কোটি মার্কিন ডলারেরও বেশি নিটপণ্য রপ্তানি হয়েছে। যা রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ২৯ দশমিক ৬৩ শতাংশ এবং গতবছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৯৭ শতাংশ বেশি। একই সময়ে বাংলাদেশ থেকে ২৩৪ কোটি মার্কিন ডলারেরও বেশি উভেনপণ্য রপ্তানি হয়েছে। যা রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ দশমিক ৭০ শতাংশ এবং গতবছরের একই সময়ের তুলনায় ৩৯ দশমিক ৪৫ শতাংশ বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/কেএমএস/১৬১৭ ঘ.