২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশবান্ধব 'জিপিহাউস'

পরিবেশবান্ধব করে গড়ে তোলা হয়েছে গ্রামীণফোনের নতুন প্রধান কার্যালয়, আর এটিই বাংলাদেশে প্রকৃত অর্থে প্রথম পরিবেশবান্ধব ভবন বলে দাবি করেছে দেশের বৃহত্তম এ মোবাইল অপারেটর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 12:56 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশবান্ধব করে গড়ে তোলা হয়েছে গ্রামীণফোনের নতুন প্রধান কার্যালয়, আর এটিই বাংলাদেশে প্রকৃত অর্থে প্রথম পরিবেশবান্ধব ভবন বলে দাবি করেছে দেশের বৃহত্তম এ মোবাইল অপারেটর। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মঙ্গলবার গ্রামীণফোনের নতুন কার্যালয় 'জিপিহাউস' উদ্বোধন করেন টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন নরওয়ের পরিবেশ ও আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রণালয়মন্ত্রী এরিক সোলহেইম এবং টেলিনর গ্র"পের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফ্রেডরিক বাকসাস এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ লাখ ৫০ হাজার বর্গফুটের ভবনটি নির্মাণে পরিবেশ সংরক্ষণ নীতির সবকিছুই রক্ষা করার চেষ্টা করা হয়েছে। বিদ্যুতের জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে গ্রামীণফোন গ্যাস টার্বাইনের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করেছে। আর এ প্রক্রিয়ায় যে তাপ উৎপন্ন হচেছ, তা ভবনের তাপমাত্রার ভারসাম্য রক্ষায় ব্যবহার করা হচ্ছে। 'জিপিহাউসে' আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জ্বালানি সাশ্রয় করা হচ্ছে জানিয়ে গ্রামীণফোন বলছে, "রিসাইকলড ওয়াটার ও ইন্টেলিজেন্ট লাইটিং-এর ব্যবহার, ওপেন ওয়ার্কস্পেস, পেপারলেস অফিস ও টেকসই ডিজাইনসহ সবকিছুই পরিবেশ বান্ধবরূপে করা হয়েছে।" ভবনের দুটি অংশের মাঝামাঝিতে একটি জলাধার বসানো হয়েছে। এর ঠিক নিচে রয়েছে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, যার মাধ্যমে ভবনের ব্যবহৃত পানি ও বৃষ্টির পানিকে পুর্নর্বার ব্যবহারের উপযোগী করে তোলা হবে। বর্তমানে সারাদেশে গ্রামীণফোনের ৫ হাজারেরও বেশি কর্মচারী রয়েছে। নতুন ভবনে এর অর্ধেকেরও বেশি কর্মচারীর স্থান সঙ্কুলান হবে বলে প্রতিষ্ঠানটি জানায়। ১৪ বছর ধরে কাজ করে আসা গ্রামীণফোনের বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ৩ কোটি। নরওয়েভিত্তিক প্রতিষ্ঠান টেলিনর এর বেশিরভাগ শেয়ারের মালিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৮৪৬ ঘ.