ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল নিষিদ্ধ করে আইন প্রণয়ন করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করবেন ব্যবসায়ী নেতারা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন- এফবিসিসিআইয়ের সভাপতি একে আজাদ একথা জানান।
বুধবার এফবিসিসিআই ভবনে এক বৈঠকে হরতাল নিষিদ্ধ করে সংসদে আইন পাস করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান তিনি।
আজাদ বলেন, "জাতীয় স্বার্থ বিবেচনা করে হরতাল নিষিদ্ধ করতে সংসদে একটি আইন পাস করা উচিত।"
"ব্যবসায়ী নেতারা আর কোনো হরতাল না ডাকার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন", বলেন তিনি।
এ মাসে প্রধান বিরোধী দল বিএনপির দুটি হরতাল কর্মসূচির প্রেক্ষাপটে ব্যবসায়ী নেতারা হরতালের বিরুদ্ধে এ বক্তব্য দিলো।
হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হলে ব্যবসায়ীরা রাজপথে আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন এফবিসিসিআই সভাপতি।
সংগঠনের সাবেক সভাপতি আনিসুল হক বলেন, হরতালের কারণে দেশের অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
তিনি বলেন, "দেশব্যাপী একদিনের হরতালে কয়েকশ কোটি টাকা ক্ষতি হয়, যা প্রবৃদ্ধির উপর বিরূপ প্রভাব ফেলে।
"হরতালের কারণে বিদেশি আমদানিকারক ও বিনিয়োগকারীরা অন্য দেশে চলে যায়, ফলে আমরা আন্তর্জাতিক বাজার হারাই। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয় এবং জনগণকে আমরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেই।"
এফবিসিসিআই'র সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ হারুন আগামী ৩০ নভেম্বর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করে নেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, "আমরা রাজনৈতিক দলগুলোকে এ ধরণের আত্মঘাতি রাজনৈতিক কর্মসূচি পরিহারের আহ্বান জানাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এমআই/১৭৪০ ঘ.
bdnews24