২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ সামনে রেখে বেড়েছে সবজির দাম

ঈদের আগে সবজির দাম বেড়েছে। তবে মাছের দাম তুলনামূলক কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 01:07 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

সায়েদুল ইসলাম তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে সবজির দাম বেড়েছে। তবে মাছের দাম তুলনামূলক কমেছে। ঈদের পর কয়েকদিন কাঁচাবাজারের দোকান খুলবে না। তাই অনেকেই আগেভাগে সবজি কিনে ফ্রিজে রেখে দিচ্ছেন। এ কারণে সবজির দাম বেড়েছে। শেওড়াপাড়া কাচাবাজারের ব্যবসায়ী আনোয়ার মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজকেই শেষ দোকানদারি করছি। আগামী তিনদিন আর দোকান খোলা হবে না। অনেক ব্যবসায়ী আগেই দোকান বন্ধ করে বাড়ি চলে গেছেন।" তিনি জানান, সোমবার থেকেই অনেক ক্রেতা আসছেন। তিনদিনের প্রস্তুতি হিসাবে সবজি বেশি বিক্রি হচ্ছে। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, লাল শিম প্রতি কেজি ৪৮ টাকা, সবুজ শিম ৩০, পেপে ১০, করল্লা ৪০, শশা ৫০, বেগুন ৩০, ফুলকপি ২০, পাতাকপি ২০, টমেটো ৯০, গাজর ৬০, মরিচ ৪০, পেঁয়াজ ৪৮, রসুন ৪৫, ধনেপাতা দুশ টাকা, আদা একশ ৫০ টাকা, আলু ২০ টাকা, পটল ৪০ টাকা, মূলা ৩০ টাকা করে বিক্রি হচ্ছে। সবজি ক্রেতা বিলকিস আক্তার বলেন, "প্রথমদিন সবাই মাংস খাবে। এরপর রুচি পাল্টাতে সবসময়েই বাসায় সবজি রান্না করা হয়। তাই কিছুটা আগেভাগেই কিনে রাখছি।" ইলিশ মাছের দাম কিছুটা বেড়েছে। একজোড়া মাঝারি সাইজের ইলিশ নয়শ থেকে এক হাজার টাকা করে বিক্রি হচ্ছে। তেলাপিয়া একশ ২০ টাকা, বোয়াল দুশ ৫০ টাকা, বাইলা একশ ৮০ টাকা, কৈ দুশ ২০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। ইলিশ ছাড়া অন্যান্য মাছের দাম আগের তুলনায় একটু কম বলে জানালেন ক্রেতারা। মিরপুর-১ পাইকারি বাজারের ক্রেতা মোজাম্মেল হক বলেন, "সবজি কিনেছি। কেজিতে দুই এক টাকা বেশি নিয়েছে। তবে ইলিশছাড়া অন্যান্য মাছের দাম তুলনামুলক কম।" কাওরানবাজার ২নং আড়ত ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন জানান, ঈদের এই তিনদিন সবজি নিয়ে ঢাকার বাইরে থেকে আর কোনো ট্রাক আসবে না। এ কারণে এ কদিন সবজি বা কাচাবাজার বিক্রি একপ্রকার বন্ধই থাকবে। ফার্মের মুরগি কেজি একশ ২৫ টাকা, দেশি মুরগি পিস একশ ৫০ থেকে তিনশ টাকা করে বিক্রি হচ্ছে। গরুর মাংস দুশ ৬০ টাকা, খাসির মাংস চারশ টাকা করে বিক্রি হচ্ছে। কোরবানির প্রস্তুতি সত্ত্বেও অনেককে গরুর ও খাসির মাংস কিনতে দেখা যায়। মোহাম্মদপুর বাজারের ক্রেতা মিরাজ মওলা চৌধুরী জানালেন, গরু জবাই হয়ে মাংস পেতে পেতে হয়তো বিকেল হয়ে যাবে। সকাল ও দুপুরের জন্য তাই দুই কেজি করে গরু ও খাসির মাংস কিনেছেন। মোহাম্মদপুরের মাংস ব্যবসায়ী সানোয়ার হোসেন বলেন, "মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যেই তিনটি গরুর মাংস বিক্রি হয়ে গেছে।" শেষ মুহূর্তের কেনাকাটা হিসাবে এর বাইরেসেমাই, বোরহানী ও কোমল পানীয়ের জন্যে দোকানগুলোয় ভিড় করছেন ক্রেতারা। বিকেলের পর থেকেই সুপারশপসহ বেশিরভাগ দোকানেই বোরহানী পাওয়া যায়নি। বাধ্য হয়ে অনেকেই কোমল পানীয় কিনে বাসায় ফিরছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৮৫২ ঘ.