আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে রাজধানীজুড়ে যেন কোরবানির পশুর হাট। ১৫ থেকে ২০টি ছাগল কিংবা গরু নিয়ে এসব হাট বসিয়েছে মৌসুমি বিক্রেতারা। ছোট ছোট এসব হাটে বিক্রিও বেশ জমে উঠেছে।
সোমবার দুপুরের পর থেকে গাবতলীর স্থায়ী পশুর হাটের পাশাপাশি অস্থায়ী হাটগুলোতেও বেচাকেনা ভালোই হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও ইজারাদাররা।
গাবতলীর হাটের পাশাপাশি এবার ঈদে ঢাকা মহানগরীতে অস্থায়ী পশুর হাট বসেছে ১২টি।
তবে দুপুরের পর হঠাৎ ক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ায় গরুর বেপারিরা এ সুযোগে বেশি দাম হাঁকছেন বলে অভিযোগ করেছেন অনেকেই।
গরুর বেপারিরা অবশ্য এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, "গত বছরের তুলনায় এবার কোরবানির পশুর দাম কম। তাই দুই একজন একটু বেশি চাইতেই পারে।"
ঈদ উপলক্ষে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোর পাশাপাশি মৌসুমি অনেক বিক্রেতা ব্যক্তিগতভাবে গরু-ছাগল বিক্রি করছে বিভিন্ন স্থানে।
এসব বিক্রেতা ধানমণ্ডি, শ্যামলী, শাহবাগ, উত্তরা, বনানী, গুলশান, মতিঝিল এলাকায় পশুর হাট বসিয়েছেন। এসব স্থানে ছাগল বিক্রি হচ্ছে। এছাড়া বাসাবো, বনশ্রী, খিলগাঁও, মালিবাগ ও যাত্রবাড়ীতে ছাগলের পাশাপাশি গরুও বিক্রি হচ্ছে।
ধানমণ্ডির শংকরে এরকম একটি হাটে ১০টি ছাগল নিয়ে এসেছেন মো. ইসমাঈল হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদের আগে কোরবানির জন্য পশু কেনার ব্যাপক চাহিদা থাকে। তাই রোববার হরতালের দিন গাবতলীর হাট থেকে আট হাজার টাকা করে এই ১০টি ছাগল কিনেছি এনেছি।"
এখানে এসব ছাগল ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন।
এই হাট থেকে অপর এক ছাগল ব্যবসায়ীর কাছ থেকে নয় হাজার টাকা দিয়ে একটি ছাগল কেনেন সরকারি চাকুরে শাহাদত আহমেদ।
শাহাদত জানালেন, কোরবানির পশুর হাটে গিয়ে ছাগল কিনতে অনেক ঝামেলা পোহাতে হয়। সেখানে হাসিল দিতে হয়। এসব ঝামেলা এড়াতেই তিনি এখানে এসেছেন।
বাসাবোতে ৬টি গরু নিয়ে সকাল থেকে বসেছিলেন বিক্রেতা হানিফ আলী।
তিনি বলেন, "আমি গরু ব্যবসায়ী নই। সবার চাহিদার কথা বিবেচনা করে এবং কিছু মুনাফার জন্যই পাশের একটি হাট থেকে গরু কিনে বিক্রি করতে এখানে বসেছি।"
রোববারের হরতালের কারণে পশুর হাটে বিক্রি প্রায় শূন্যের কোটায় নেমে এলেও সোমবার তা অনেকটা পুষিয়ে নিতে পেরেছেন বলে জানালেন ব্যবসায়ীরা।
গাবতলী হাটের বেপারি মো. কাজিমউদ্দিন বলেন, "বেচাকেনা না থাকায় রোববার পর্যন্ত দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু সোমবার বিকেলের পর থেকে প্রচুর বিক্রি হয়েছে।"
পাবনার বাসিন্দা এই ব্যবসায়ী জানান, তিনদিন আগে ২০টি গরু নিয়ে তিনি এই হাটে আসেন। কিন্তু বিক্রি তেমন হয়নি। সোমবার দুপুরের পর কয়েক ঘন্টার মধ্যেই ১২টি গরু বিক্রি হয়ে যায়।
গাবতলী হাট থেকে কোরবানির গরু কেনেন আসাদগেটের বাসিন্দা শামসুল হক।
তিনি বলেন, "দাম জানতে সকালে একজনকে পাঠাই। বিকেলে নিজে গরু কিনতে এসে দেখি সেইসব গরুর দাম পাঁচ থেকে আট হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে। তাই বাধ্য হয়ে চার হাজার টাকা বেশি দিতে হয়।"
এ হাটের অপর ব্যবসায়ী আহমেদ হোসেন বললেন, এবার গরুর দাম কম। গত কয়েকদিন ধরে বিক্রিও কম ছিলো। এ কারণে দুই একজন দাম বেশি চাইতেও পারে।
ক্রেতা-বিক্রেতার সুবিধার্থে ইজারাদাররা প্রতিটি হাটেই একটি করে প্রধান ফটকসহ কয়েকটি ফটক তৈরি করেছে। বাঁশের ঘের দিয়ে এবং বালু ফেলে পশু রাখার নির্দিষ্ট স্থানও তৈরি করা হয়।
এদিকে কোরবানির পশুকে সাজানোর জন্য এসব হাটে দড়ি, জরি ও ফুলের মালা বিক্রি করছেন ফেরিওয়ালারা। অনেকে পশুকে সাজিয়েও দিচ্ছেন। এজন্য পশু প্রতি তাদের দিতে হচ্ছে ৫০ থেকে ৫০০ টাকা।
গাবতলী পশুর হাট পরিচালনা কমিটির সদস্য সোহেল হাবিব জানান, গত কয়েকদিন হাটে পশু উঠে কম। শনিবার প্রচুর গরু-মহিষ আসে হাটে। কিন্তু রোববার হরতাল থাকায় বিক্রি তেমন হয়নি। সোমবার দুপুরের পর থেকে প্রচুর বিক্রি হয়েছে।
এই হাটে এবার প্রায় দুই লাখ পশু আনা হয়েছে বলে তিনি জানালেন।
ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গরু-মহিষ এবার কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ জেলা থেকেই বেশি আসছে।
ঢাকার তালতলা বাসস্ট্যাণ্ড মাঠ হাটে কুষ্টিয়া থেকে আসা গরু ব্যবসায়ী আক্কাস আলী জানান, এ পর্যন্ত তার ১৫টি গরু বিক্রি হয়েছে। ৬০ থেকে ৮৫ হাজার টাকা করে এসব গরু বিক্রি হয়।
এই হাটে মাগুরা থেকে ছাগল নিয়ে এসেছেন মো. আবুল হোসেন।
তিনি বলেন, ২০টি ছাগলের মধ্যে ১২টি ছাগল ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। বাকি ছাগল প্রতিটি ৭ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হবে বলে তিনি আশা করছেন।
এই হাটের ইজারাদার এস এম জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল পর্যন্ত বিক্রি তেমন হয়নি। ব্যাংকের লেনদেনের সময় শেষ হওয়ার পর থেকে হঠাৎ ক্রেতাদের ভিড়ে জমে উঠে। বিক্রিও হয়েছে প্রচুর।
আগারগাঁও রেডিও অফিস ও পঙ্গু হাসপাতাল সংলগ্ন মাঠে বসা হাটেও বিপুল সংখ্যক গরু, ছাগল ও মহিষ এনেছেন ব্যবসায়ীরা।
এই হাট পরিচালনা কমিটির সদস্য মো. ফরিদউদ্দিন বলেন, "বিক্রি কম হওয়ায় হাসিল আদায়ও কম হচ্ছিল। যে অর্থে হাটের দরপত্র কিনেছি তা উঠে আসবে কিনা সংশয় ছিলো। সোমবারের বিক্রির পর মনে হচ্ছে সেই সংশয় কেটে যাবে।"
হাটে কোনো অসুস্থ পশু আনা হচ্ছে কিনা তা তদারক করছেন ভেটেরিনারি সার্জনরা। পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিটি হাটে একটি করে ক্যাম্প বসিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
গাবতলী হাটে এ দায়িত্বে নিয়োজিত ভেটেরিনারি সার্জন ডা. সুকেশ চন্দ্র বৈদ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, ক্রেতারা কোরবানির পশু সুস্থ আছে কিনা তা পরীক্ষা করে নিচ্ছে।
রাজধানীতে খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, পূর্বাচলের পরিত্যক্ত খালি জায়গা, ঝিগাতলা হাজারীবাগ মাঠ, তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা, আগারগাঁও বস্তির খালি জায়গা, রহমতগঞ্জ খেলার মাঠ, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠ, উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, আরমানিটোলা খেলার মাঠ, ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, মেরাদিয়া বাজার, বনানীর কাকলীতে রেললাইনের পাশে বসেছে অস্থায়ী পশুর হাট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২০২৮ ঘ.
bdnews24