ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও তুরস্কের মধ্যে রোববার স্বাস্থ্য সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং উভয় দেশে দূতাবাস স্থাপনে জমি হস্তান্তর বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এর্দোয়ানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তি হয়।
স্বাস্থ্য বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও তুরস্কের মিনিস্টার অব স্টেট মেহমেত আইডিং। জমি হস্তান্তর সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও তুরস্কের অর্থমন্ত্রী মেহমেদ সিমসেল।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এর্দোয়ান স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান ও তৌফিক-ই- ইলাহী, পুঁজি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এসএ সামাদ, অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এমএ করিম, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, স্বাস্থ্য সচিব মুহম্মদ হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং তুরস্কের প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা এবং বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯০৩ ঘ.
bdnews24