২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অ্যাটর্নি জেনারেলের বক্তব্য বেআইনি উদ্দেশ্যমূলক'

সর্বোচ্চ আদালতে বিচারাধীন খালেদা জিয়ার বাড়ির মামলার বিষয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য 'বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 01:21 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ আদালতে বিচারাধীন খালেদা জিয়ার বাড়ির মামলার বিষয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য 'বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। বৃহস্পতিবার সন্ধ্যায় এক আলোচনা সভায় মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "অ্যাটর্নি জেনারেল বলেছেন, 'হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে এখনই বিরোধীদলীয় নেতাকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা বেআইনি হবে না।' অথচ কোনো বিষয় উচ্চ আদালতে বিচারাধীন থাকলে সে বিষয়ে কোনো কিছু করা বেআইনি। "এটা করা হলে তা হবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অ্যাটর্নি জেনারেলের বক্তব্য থেকে তা প্রতীয়মান হচ্ছে।" উচ্চ আদালতের বিচারকদের সবকিছুর ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার নিশ্চিত করার আহবানও জানান দেলোয়ার। তার অভিযোগ সরকার বিচার বিভাগকে দলীয়করণ করে ন্যায়বিচারের পথ বন্ধ করেছে। ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদার আইনজীবীর মুলতবি আবেদনের প্রেক্ষিতে আপিল আবেদনের শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি করে তিন বিচারপতির বেঞ্চ। ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছাড়তে সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার করা রিট আবেদন গত ১৩ অক্টোবর খারিজ করে হাইকোর্ট। একমাসের মধ্যে বিএনপি চেয়ারপার্সনকে ওই বাড়ি ছাড়তেও বলা হয়। বাড়ি ছাড়ার জন্য খালেদাকে দেওয়া সময় ১২ নভেম্বর শেষ হচ্ছে। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়। খোন্দকার দেলোয়ার বিরোধী দলের ওপর সরকারের দমন নিপীড়ন চালানোর অভিযোগ এনে বলেন, "এ সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে চায়। এজন্য একের পর এক মামলা দিয়ে আমাদের হেনস্তা করছে। তারা জনগণের কোনো সমস্যা কিংবা কোনো প্রতিশ্র"তি বাস্তবায়ন করতে পারেনি।'' আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারকে 'পুতুল সরকার' অভিহিত করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, "দেশি-বিদেশি ষড়যন্ত্রে এখানে একটি জগদ্দল পাথরের মতো সরকার বসানো হয়েছে। তারা একটি রাবার স্ট্যাম্প সংসদ প্রতিষ্ঠা করে পুতুল সরকারের মতো দেশের মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে।" তিনি 'দমন-নির্যাতনের পথ পরিহার করে' কৃষি উপকরণের দাম কমানো, কৃষকদের উন্নয়নে ব্যবস্থা নেওয়া, খাদ্য নিরাপত্তা ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ শ্রমিকদের মজুরি বিষয়ে সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন দেলোয়ার। শ্রমিক দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম চৌধুরী,সহসভাপতি মজিবুর রহমান সারওয়ার, মহানগর সভাপতি রেহান আলীম, কেন্দ্রীয় নেতা কাজী শেখ নুরুল্লাহ, শফিউল ইসলাম, আবদুস সোবহান, নুরুল ইসলাম খান নাসিম প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯১০ ঘ.