ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিল্প-প্রধান এলাকায় শিল্প পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ অটো রি-রোলিং স্টিল অ্যাসোসিয়েশন।
যেসব এলাকায় শিল্প পুলিশ মোতায়েনের দাবি জানানো হয়েছে সেগুলো হলো- ঢাকার ডেমরা, যাত্রাবাড়ি, শ্যামপুর, কদমতলী, নারায়ণগঞ্জ বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, টঙ্গী, জয়দেবপুর, কুমিল্লা এবং চট্টগ্রামের বায়জিদ, কদমতলী এবং সীতাকুন্ড।
অ্যাসোসিয়েশনের নেতারা বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে দেখা করে এ দাবি জানান।
রি-রোলিং স্টিল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মাসাদুল আলম মাসুদ জানান, এই শিল্পের ব্যবসায়ীরা নিরাপত্তা ঝুঁঁকির মধ্যে রয়েছে। প্রতিনিয়ত রডবাহী ট্রাক ছিনতাই হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। এ ব্যবসাকে টিকিয়ে রাখতে তারা সরকারের কাছে আবেদন করেছেন।
এই শিল্পে প্রায় ২৫-৩০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে বলে জানান মাসুদ।
অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, "বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একটি স্বার্থান্বেষী মহল অপতৎপরতা চালিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সরকার তাদের কঠোর হাতে দমন করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৭৩৪ ঘ.
bdnews24