২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংগ্রহ ব্যবস্থার ত্রুটিতে বাড়ে খাদ্যশস্যের দাম'

শস্য সংগ্রহ ব্যবস্থার ত্রুটির জন্য খাদ্যপণ্যের দাম বাড়ে বলে মনে করছেন কৃষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শস্য সংগ্রহ ব্যবস্থার ত্রুটির জন্য খাদ্যপণ্যের দাম বাড়ে বলে মনে করছেন কৃষকরা। মঙ্গলবার ঢাকায় খাদ্য পরিকল্পনা ও পরিবীক্ষণ ইউনিট (এফপিএমইউ) আয়োজিত এক আলোচনা সভায় এ বক্তব্য তুলে ধরেন কৃষক প্রতিনিধি আব্দুল হাই। তার দাবি, উৎপাদন ব্যয় হিসেব করলে ধানের দাম কম হওয়ার কথা। তবে আলোচনা সভায় ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ে বাজারের নিয়মেই। আর ভোক্তরা বাজার নিয়ে অসন্তোষের কথা জানালে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, দাম বৃদ্ধির কারণ তারও জানা নেই। সিরডাপ মিলনায়তনে ওই আলোচনা সভায় কৃষক আব্দুল হাই বলেন, "গত বোরো মৌসুমে প্রতিকেজি ধান উৎপাদনে কৃষকদের ব্যয় হয়েছে ১৭ টাকা, অথচ তারা দাম পেয়েছে মাত্র ১৪ টাকা। কারণ কৃষকরা তাড়াতাড়ি তাদের ধান বিক্রি করে দিয়েছে। একই ধান বর্তমানে ব্যবসায়ীরা বিক্রি করছে ২২ টাকা দরে।" ধানের দাম বৃদ্ধির জন্য সংগ্রহ ব্যবস্থাকে দায়ী করে তিনি বলেন, "সরকারি গুদামগুলো নানা শর্ত দিয়ে কৃষকদের থেকে ধান কেনে। কৃষকরা এসব শর্ত পূরণ করে গুদামে ধান দিতে চায় না। এতে তারা ক্ষতিগ্রস্ত হয়। সরকার যে মুনাফা দিতে যায়, তা চলে ব্যবসায়ীদের ঘরে।" তার বক্তব্যের প্রেক্ষাপটে ব্যবসায়ীরা বলেন, মুক্তবাজার অর্থনীতির কারণে চালসহ নিত্যপণ্যের মূল্য বাজারের নিয়মেই বাড়ে-কমে। তবে কৃষকদের প্রণোদনা ও মুনাফা দিতে কৃষিপণ্যের মূল্য আরো বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তারা। ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, "সরকার ওএমএস'র মাধ্যমে ২৪ টাকা দরে চাল বিক্রি করছে। বাজারে এর থেকে দুই-তিন টাকা বেশি দামে চাল বিক্রি হয়। অথচ চালের দাম আরো বাড়ানো উচিৎ। এতে কৃষকরা মূল্য পাবে।" কনজ্যুমার্স অ্যাসোসিয়েশনের (ক্যাব) প্রতিনিধি হুমায়ুন কবির আবার ব্যবসায়ীদের অতি মুনাফার মানসিকতাকেই মূল্যবৃদ্ধির জন্য দায়ী করেছেন। বাজার নিয়ন্ত্রণের জন্য পর্যবেক্ষণ ও তদারকি জোরদারের সুপারিশ করেন তিনি। ভোক্তা প্রতিনিধি হুমায়ুন বলেন, "ঈদের (ঈদুল ফিতর) পর পেঁয়াজের দাম হঠাৎ করেই বেড়ে গেছে। অথচ এর কোনো কারণ কেউ জানে না। আমদানি করা পেঁয়াজ আগে দেশি পেঁয়াজের চেয়ে কম দামে বিক্রি হতো। এখন দেশি পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় এর দাম কমে গেছে। এতে কৃষকরা লাভবান হচ্ছে না।" খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে 'খাদ্যশস্যের বাজার পরিস্থিতি : মূল্য ও সরকারের সাড়া' শীর্ষক এ আলোচনায় আরো অংশ নেন জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার আবাসিক প্রতিনিধি অ্যাড স্পাইকার্স, কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সাত্তার মণ্ডল, সিপিডি'র নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান ও বিএফইউজে'র সভাপতি ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ। খাদ্যমন্ত্রী বলেন, "দেশে বর্তমানে খাদ্যের কোনো সঙ্কট নেই, অথচ দাম বাড়ছে। এর কোনো কারণ আমাদের জানা নেই। আন্তর্জাতিক বাজারসহ প্রতিবেশী দেশগুলোতে খাদ্যশস্যের দাম বৃদ্ধি বাংলাদেশে দাম বাড়ার একটি কারণ মাত্র। এর বাইরেও আরো অনেক কারণ আছে। এ কারণগুলো চিহ্নিত করতে হবে।" অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহ অভিযান প্রসঙ্গে তিনি বলেন, সরকার উৎপাদন ব্যয়ের সঙ্গে প্রায় তিন টাকা মুনাফা দিয়েও ওই সময় ধান ও চাল সংগ্রহ করতে পারেনি। তাই কৃষকদের আরো মুনাফা দিতে সরকার সংগ্রহ মূল্য বাড়িয়েছিলো। তাতেও কাজ না হওয়ায় সরকার খাদ্যশস্যের সরবরাহ বাড়াতে আমদানি শুরু করে। তবে আমদানি করা পণ্যের ওপর নির্ভর করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, বলেন মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯৫৫ ঘ.