২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংকের গ্রাহক সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে

কার্যক্রম শুরুর ৯ বছরের মাথায় গ্রাহক সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে বেসরকারি ব্র্যাক ব্যাংকের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 09:39 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্যক্রম শুরুর ৯ বছরের মাথায় গ্রাহক সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে বেসরকারি ব্র্যাক ব্যাংকের। ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, "২০০১ সালে যাত্রা শুরুর পর আমরা শুধু প্রবৃদ্ধিই অর্জন করিনি, পাশাপাশি আমাদের প্রবৃদ্ধি টেকসই হয়েছে।" ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে (এসএমই) অর্থায়নে গুরুত্ব দেওয়া বাণিজ্যিক এ ব্যাংকটির সারাদেশে ১৩৭টি শাখা রয়েছে। মাহবুবুর রহমান বলেন, "এসএমইকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। তাই আমাদের শাখাগুলোর ৪০ শতাংশই গ্রামে অবস্থিত।" গত নয় বছরে ব্র্যাক ব্যাংক ১৩ হাজার কোটি টাকার এসএমই ঋণ বিতরণ করেছে জানিয়ে তিনি বলেন, "এর ফলে প্রত্যক্ষভাবে ১২ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।" ব্র্যাক ব্যাংকের ১০ লাখ গ্রাহকের মধ্যে সাড়ে ৬ লাখ গ্রাহকই আমানতকারী। এসএমই গ্রাহক সংখ্যা ১ কোটি ৬০ লাখ। ব্র্যাক ব্যাংকের রয়েছে ২২০টি এটিএম বুথ ও ৪২৪টি এসএমই ইউনিট অফিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/১৫৪০ ঘ.