ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়িক স্বার্থ রয়েছে- এমন অনেক সংসদ সদস্য সংসদীয় কমিটিতে রয়েছে দাবি করে তাদের বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি একে আজাদ।
তিনি শনিবার রাজধানীর দিলকুশায় বিসিআইসি ভবনে এক সেমিনারে বলেন, "সংসদ সদস্যদের যাদের যে ব্যবসা আছে, তারাই ওই সব সংশ্লিষ্ট কমিটি ও সাব-কমিটিতে আছেন। তারা অর্থনীতির প্রতিনিধিত্ব করছেন না, বরং নিজেদের স্বার্থ দেখছেন।
"এদের দিয়ে সঠিক প্রতিনিধিত্ব হচ্ছে না। তাতে দেশের অর্থনীতি ও শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাব-কমিটিতে এমন যে সব সংসদ সদস্য আছেন তাদের প্রত্যাহার করা হোক", বলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আজাদ।
তিনি জানান, গত অর্থবছরে এদেশের ব্যবসায়ীরা ৬২ হাজার কোটি টাকা ভ্যাট ও ট্যাক্স দিয়েছে, এ বছর ৭২ হাজার কোটি টাকা ট্যাক্স ধার্য করা হয়েছে।
অদক্ষ রাজনীতিবিদ ও দুর্নীতিগ্রস্ত আমলাদের কারণে কাক্সিক্ষত উন্নয়ন হচ্ছে না দাবি করে আজাদ বলেন, "ব্যবসায়ীরা সৎ। আমরা ভ্যাট দিতে চাই, ট্যাক্স দিতে চাই। কিন্তু কতিপয় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা তা দিতে দেন না।"
এসব রোধে দুর্নীতি দমন কমিশনকে আরো কার্যকর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
'দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে ট্যারিফ কমিশনের ভূমিকা' শীর্ষক ওই সেমিনার আয়োজন করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।
জাতীয় রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের 'সমন্বয়হীনতা'র কারণে ট্যারিফ কমিশন কার্যকর হচ্ছে না বলে অভিযোগ করেন এফবিসিসিআই সভাপতি।
সেমিনারে বাণিজ্যমন্ত্রী ফারুক খানও বাংলাদেশ ট্যারিফ কমিশনের (বিটিসি) দুর্বলতার কথা স্বীকার করেন। তা দূর করতে কমিশনের চেয়ারম্যানকে আইন সংশোধনের প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে বলেও জানান তিনি।
ফারুক বলেন, "আমরা প্রতিষ্ঠানটির নামেরও পরিবর্তন চাই। এর নাম ট্রেড এ্যান্ড ট্যারিফ কমিশন করা দরকার।"
এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ট্যারিফ নির্ধারণের বিষয়টি আলোচনার মাধ্যমে সম্পন্ন করার কথাও বলেন তিনি।
ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান সমস্যার জন্য রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্তৃত্বকে দায়ী করেন।
তিনি বলেন, "বিশ্বের সব দেশেই ট্যারিফ নির্ধারণ করে ট্যারিফ কমিশন। একমাত্র বাংলাদেশেই তা এনবিআর নির্ধারণ করে।"
তিনি বিটিসিকে কার্যকর করতে আইনগত সহায়তা দেওয়ার দাবি করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিসিআই'র নির্বাচিত সভাপতি এটিএম ওয়াজিউল্লাহ, বর্তমান সভাপতি শাহেদুল ইসলাম হেলাল, এফবিসিসিআই'র প্রথম সভাপতি জসিম উদ্দিন, ব্যবসয়ায়ী প্রতিনিধি শামীম আহমেদ প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্যারিফ কমিশনের যুগ্মপ্রধান মোস্তফা আবিদ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেবি/এমআই/২০৫৫ ঘ.
bdnews24