ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মজুরি কাঠামো অনুযায়ী এক মাসের মূল মজুরির সমপরিমাণ বোনাস ঈদের আগে আগামী ১০ নভেম্বরের মধ্যে পরিশোধসহ ছয় দফা দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
শনিবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক কেএম রুহুল আমিন একই সময়ের মধ্যে বকেয়া বেতন এবং ওভারটাইমের টাকাও পরিশোধের দাবিও জানায়ন।
লিখিত বক্তব্যে শ্রমিক নেতা রুহুল বলেন, "মাত্র ১০ দিন পর ঈদ। অথচ গার্মেটস মালিকরা শ্রমিকদের বোনাস দিতে গড়িমসি করছে। তাই আগামী ১০ নভেম্বরের মধ্যে এক মাসের মূল মজুরির সমপরিমাণ বোনাস পরিশোধের দাবি জানাচ্ছি।"
১০ নভেম্বরের মধ্যে বোনাস, বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করা না হলে মালিকদের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সব কারখানায় ট্রেড ইউনিয়ন গড়ার অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে।
বিশ্বের মধ্যে বাংলাদেশের গার্মেন্টস মালিকরা বেশি মুনাফা করে দাবি করে রুহুল বলেন, "শ্রমিকদের মজুরি দেওয়ার ক্ষেত্রে মালিকরা যেমন গড়িমসি করে, তেমনি অনেক সময় কম বেতনও দেয়।"
তাদের অন্য দাবির মধ্যে রয়েছে- শ্রমিক নেতা রেজা চৌধুরী তুহিন ও মাসুম হোসাইনকে নিঃশর্ত মুক্তি দেওয়া, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা মন্টু ষোষসহ সংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার, উৎপাদন লক্ষ্য পূরণের জন্য শ্রমিকদের বিনা মজুরিতে খাটানো বন্ধ করা ইত্যাদি।
শিল্প পুলিশের পরিবর্তে ইপিজেডসহ সব কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ, দমন নির্যাতন বন্ধ করে শ্রমিক-মালিক উভয়ের সঙ্গে আলোচনা করে এ শিল্পের সঙ্কট নিরসনের প্রস্তাব দিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
সংবাদ সম্মেলনে সংগঠনের উপদেষ্টা মন্টু ঘোষ, সভাপতি ইদ্রিস আলী, সহ-সভাপতি সাদেকুর রহমান শামীম, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৫১০ ঘ.
bdnews24