নাটোর, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি অর্থবছরে সাড়ে দশ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নিয়ে নাটোর চিনিকলে আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে।
শুক্রবার বিকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।
চিনিকল কর্মকর্তারা জানান, বিকাল ৫টা থেকে নাটোর চিনিকল ২০১০-১১ মাড়াই মৌসুম শুরু করেছে।
চলতি মাড়াই মৌসুমে এক লাখ চার'শ মেট্রিক টন আখ মাড়াই করে সাড়ে দশ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা সাড়ে সাত ভাগ।
মাড়াই মৌসুম শুরু উপলক্ষে আয়োজিত আখচাষী সমাবেশে প্রতিমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যান রণজিৎ কুমার বিশ্বাস, পুলিশ সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত) নাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খান প্রমুখ।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিরাজুল ইসলাম মাড়াই মৌসুম শুরুর কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আখ সরবরাহ অব্যাহত থাকলে এবার ৯০ দিন ধরে আখ মাড়াই করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৮৪১ ঘ.
bdnews24