২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের অযথা হয়রানি নয়: এনবিআর

দেশের কোনো ব্যবসায়ীকে অযথা হয়রানি করা হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 01:37 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের কোনো ব্যবসায়ীকে অযথা হয়রানি করা হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ। তিনি সব স্তরের ব্যবসায়ীদের কর প্রদানে নির্ভয়ে এগিয়ে আসার আহ্বান জানান। বুধবার বিকালে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে এক মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান এই আহ্বান জানান। ব্যবসায়ী পর্যায়ে মূল সংযোজন কর (মূসক/ভ্যাট) প্রদান এবং মূসক চালানপত্র ইস্যুর ক্ষেত্রে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার বা পয়েন্ট সেলস সফটওয়্যার ব্যবহারে ব্যবসায়ীদের উদ্বুদ্বকরণে এই মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন বলেন, গত এক বছরে ৩২ ভাগ মূসক (মূল্য সংযোজন কর) আদায় হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এই কর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, মূল সংযোজন কর প্রদানের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়তে ব্যবসায়ীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এবং নারায়ণগঞ্জ বিভাগ ও নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ কে এম সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কাস্টমস এক্সাইজ ও ভ্যাট নারায়ণগঞ্জ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ঢাকা দক্ষিণ কমিশনারেটের কমিশনার আবদুল কাফি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩০ ঘ.