ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি-রপ্তানি ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের সদস্য হওয়ার বাধ্যবাধকতার বিধান রেখে বাণিজ্য সংগঠন আইন (টিওএ) প্রণয়ন করতে যাচ্ছে সরকার।
আগামী বছরের গোড়ার দিকেই এ আইনের খসড়া চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান।
বুধবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত স্টেফান ফ্রোয়েনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
ফারুক খান জানান, এ বছরের মধ্যে ডিও প্রথাও বাতিল হচ্ছে। ডিও প্রথার পরিবর্তে আগামী বছর থেকে নতুন পদ্ধতি চালু করা হবে।
তিনি বলেন, আমদানি-রপ্তানির ক্ষেত্রে কেউ নিয়ম ভঙ্গ করলে অনেক সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যায় না। এজন্য ব্যবসায়ীদের অবশ্যই তার ব্যবসা সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।
এই বাধ্যবাধকতার বিধান রেখে 'বাণিজ্য সংগঠন আইন'-এর খসড়া প্রণয়ন ও তা চূড়ান্ত করার কাজ চলছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-কে এ আইনের খসড়া দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে এ খসড়া চূড়ান্ত করা হবে বলে বাণিজ্যমন্ত্রী জানান।।
এছাড়া 'প্রতিযোগিতা আইন' ও 'কোম্পানি আইন' নিয়ে সরকার কাজ করছে বলেও জানান ফারুক খান।
তিনি বলেন, ডিও ব্যবস্থা দুর্নীতিগ্রস্থ হয়ে গেছে। তাই এ ব্যবস্থা বাতিল করে বিকল্প 'পরিবেশক অথবা ডিলার' ব্যবস্থা চালু করা হবে। এজন্য একটি কমিটি করা হয়েছে। এ বছরের মধ্যেই সব চূড়ান্ত করা হবে। যতদিন বিকল্প ব্যবস্থা চালু না হচ্ছে, ততদিন ডিও ব্যবস্থাই বহাল থাকবে।
সরকার লবণ আমদানির কারণে চট্টগ্রাম ও কক্সবাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে ব্যবসায়ীদের অভিযোগ প্রসঙ্গে ফারুক খান বলেন, সরকার খাবার লবণ আমদানি করেনা। খাবার লবণ আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। কেউ লবণ আমদানি করছে এমন তথ্য দিলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
তবে শিল্প কারখানায় ব্যবহারের জন্য বিশেষ ধরনের লবণ আমদানি করা হয় বলে জানান মন্ত্রী।
ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, বন্যা নিয়ন্ত্রণ, নদী খনন ও ঘুর্ণিঝড় থেকে রক্ষায় তাদের সহায়তা চেয়েছি। এছাড়াও অবকাঠামো নির্মাণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা বাড়ানোর অনুরোধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮৪৩ ঘ.
bdnews24