২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহের জন্য বন্ধ আখাউড়া স্থলবন্দর

ভারতের আগরতলায় সড়ক মেরামত ও বন্দর অবকাঠামোর উন্নয়ন কাজ শুরু হওয়ায় বৃহস্পতিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সাতদিন বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 10:00 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের আগরতলায় সড়ক মেরামত ও বন্দর অবকাঠামোর উন্নয়ন কাজ শুরু হওয়ায় বৃহস্পতিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সাতদিন বন্ধ থাকবে। বুধবার থেকেই বন্দরের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা থাকলেও দুই দেশের ব্যবসায়ীরা আলোচনার মাধ্যমে এ দিন কিছু কাজ করে। আগরতলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনীষ বিশ্বাস হাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার থেকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত আখাউড়া বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।" তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আগামী ১০ নভেম্বর আগরতলা সফরে যাবেন। তাই সড়ক ও স্থলবন্দরের অবকাঠামো মেরামতের কাজ চলছে। বাংলাদেশের ব্যবসায়ীদের অনুরোধে বুধবার বন্দর চালু রাখা হয়েছে বলে জানান মণীষ। আখাউড়া স্থলবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতীয় ব্যবসায়ীরা আমাদের অনুরোধে বুধবার সারাদিন পণ্য আমদানি-রপ্তানি অব্যাহত রাখতে রাজি হয়েছে।" এর আগে ১৫ থেকে ১৮ অক্টোবর দুর্গাপূজার কারণে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। এছাড়া গত ১১-১৪ অক্টোবর ঢাকা-আগরতলা সড়কের আখাউড়ার অংশের সংস্কার দাবিতে বন্দরের কার্যক্রম বন্ধ রাখে আমদানি-রপ্তানিকারকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৬০০ ঘ.