ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রানজিটের বিরোধীতাকারীদের বোকা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেছেন, "বাংলাদেশ ভৌগলিকভাবেই একটি ট্রানজিট দেশ। আমরা ট্রানজিট দেবো। যারা এর বিরোধীতা করছে তারা পুরোপুরি বোকা।"
বাংলাদেশ সফররত আইএমএফের একটি প্রতিনিধিদলের সঙ্গে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের ফি নির্ধারণে সরকার একটি নীতিমালা করার উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, "ট্রানজিটের ওপর কোনও শুল্ক থাকতে পারে না। ট্রান্সশিপমেন্টের ওপর শুল্ক থাকতে পারে। তবে ট্রানজিটের ক্ষেত্রে যেহেতু আমরা আমাদের ভূখন্ড ব্যবহার করতে দেবো তাই একটা ফি থাকতে পারে।"
বর্তমানে বাংলাদেশের নৌপথে ভারতের ট্রানজিট রয়েছে।
অর্থমন্ত্রী জানান, নৌপথে ট্রানজিট থেকে ভারতের কাছ থেকে বছরে সাড়ে ৫ কোটি টাকা আয় হয় বাংলাদেশের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/১৪০০ ঘ.
bdnews24