ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ব্যবসায়ীদেরকে ব্যবসার পাশাপাশি গবেষণা খাতে বিনিয়োগ করার আহ্বান জানালেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান।
রোববার ঢাকা শেরাটন হোটেলে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের (বিসিএ) ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফারুক খান বলেন, "বিশ্ববাজারে সুতার দাম বাড়লেও আপনাদের ভীত হওয়ার কিছু নেই। সরকার আপনাদের সঙ্গে থাকবে। আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে বিশ্ব বাজারের এই পরিস্থিতি মোকাবেলা করতে পারব।
"শুধু বড় ব্যবসায়ীদের ক্ষেত্রেই নয় দেশে অনেক তাঁতী আছে। তাদের প্রতিও লক্ষ রাখতে হবে।
"আমরা আশা করছি, আগামী বছর আমাদের রপ্তানির পরিমাণ দ্বিগুণ হবে। আমরা পৃথিবীর তৃতীয় বৃহৎ গার্মেন্টস রপ্তানিকারক দেশে পরিণত হব।"
বিসিএ সভাপতি মো. আইয়ুবের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, বিটিএমএ সভাপতি আব্দুল হাই, এফবিসিসিআই সভাপতি একে আজাদ, বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী প্রমুখ।
বক্তারা বিশ্ব বাজারে সুতার দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, এদেশের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প পুরোপুরি আমদানি করা সুতার উপর নির্ভরশীল। নিজেদের দেশে সুতা উৎপাদনের ব্যবস্থা নেওয়ার উপর জোর দেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/ডিডি/২২৫০ ঘ.
bdnews24