২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালোবাজারে বিক্রির সময় ওএমএস'র চাল জব্দ

নারায়ণগঞ্জে কালোবাজারে বিক্রি সময় খাদ্য অধিদপ্তরের খোলাবাজারের (ওএমএস) ২১৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 02:36 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম) - নারায়ণগঞ্জে কালোবাজারে বিক্রি সময় খাদ্য অধিদপ্তরের খোলাবাজারের (ওএমএস) ২১৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে দুজনকে। বৃহস্পতিবার বিকালে শহরের বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত নিতাইগঞ্জে এসব চাল আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন- বিএল ট্রেডার্সের মালিক তরুণ মজুমদার ও তার দোকানের ব্যবস্থাপক আনোয়ার হোসেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পুলিশ বলেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একে ফজলুল হক সাংবাদিকদের জানান, ওএমএস'র চাল কালোবাজারে বিক্রির ঘটনার সঙ্গে জড়িত ডিলারদের ডিও (সরবরাহ আদেশ) ইস্যু বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ শহরের নিতাইগঞ্জ বিএল ট্রেডার্সে অভিযান চালায়। আটক করা হয় বিএল ট্রেডার্সের মালিক তরুণ মজুমদারকে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওএমএস'র ২১৫ বস্তা চাল ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। তরুণ মজুমদার খাদ্য অধিদপ্তরের এক ডিলারের কাছ থেকে ওএমএস'র এসব চাল কিনে তা খোলাবাজারে কেজি প্রতি ৪/৫ টাকা বেশি দরে বিক্রি করে আসছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, জেলার খাদ্য অধিদপ্তরের এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা এবং পুলিশের কতিপয় সদস্যের যোগসাজশে ওএমএস'র চাল খোলাবাজারের দামে বিক্রি করা হচ্ছিলো। জেলা খাদ্য অধিদপ্তর থেকে ওএমএস'র চাল ট্রাকে করে বিক্রির জন্য ১০ জনকে ডিলার নিয়োগ দেওয়া হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে ফজলুল হক জানান, শুক্রবার ছাড়া সপ্তাহের ছয়দিন ২৪ টাকা কেজি দরে ওএমএস'র চাল বিক্রি হয়। প্রতিদিন চার টন করে দশটি ট্রাক এবং এক টন করে ৩২টি দোকানে মিলে প্রায় ৭২ টন চাল বিক্রির জন্য ডিলারকে সরবরাহ করা হয়ে থাকে। ওএমএসের চাল সঠিক ভাবে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিক্রি হচ্ছে কি না তা তদারকির জন্য একজন করে পরিদর্শক রয়েছেন বলে ফজলুল হক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২১ ঘ.