২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অবকাঠামো উন্নয়নের পর ধাপে ধাপে ট্রানজিট'

অবকাঠামো উন্নয়ন করে ধাপে ধাপে অন্য দেশকে ট্রানজিট দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 01:32 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবকাঠামো উন্নয়ন করে ধাপে ধাপে অন্য দেশকে ট্রানজিট দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি বলেছেন, বাংলাদেশের প্রয়োজন মিটিয়েই প্রতিবেশিদের জন্য কাজ করা হবে। যাতে আমাদের কোনো সমস্যা না হয়। বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত 'আঞ্চলিক সহযোগিতা, যোগাযোগ, ট্রানজিট চুক্তি ও বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব' শীর্ষক সেমিনারে মন্ত্রী অভিযোগ করে বলেন, "বিরোধী দল ইতিবাচক চিন্তায় বিশ্বাসী নয়।" তার মতে, বিএনপি চায় বিশ্বের কাছ বাংলাদেশকে গরীব হিসেবে উপস্থাপন করে সাহায্য এনে তা থেকে দুর্নীতি করতে। এশিয়ান হাইওয়ে ও রেলওয়ের মাধ্যমে বাংলাদেশ অবশ্যই পৃথিবীর সঙ্গে যুক্ত হবে এবং তা চট্টগ্রামের মাধ্যমে হবে বলে মন্তব্য করেন ফারুক খান। সেমিনার নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুল হক চৌধুরী, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম ও প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান বক্তব্য দেন। শামসুল হক চৌধুরী বলেন, "ট্রানজিটের বিরুদ্ধে যুদ্ধাপরাধীরা ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে। বাণিজ্য, পরিবহন ও আহরণ এই তিনের সমন্বয়ে ট্রানজিটকে দেখতে হবে।" বিরোধী দল বিএনপি 'মুনাফাখোরের দল' দাবি করে বাণিজ্যমন্ত্রী অভিযোগ করেন, "তারা মুখে-মুখে ভারতবিরোধিতা করে। কিন্তু কার্যক্ষেত্রে ভারতকে সবচেয়ে বেশি সুবিধা দিয়েছে তারাই।" সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ এ আরাফাত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএডি/পিডি/১৯২৭ঘ.