ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৭৮ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার একটি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার।
বুধবার বিদ্যুৎ ভবনে ম্যাক্স পাওয়ার লিমিটেডের সঙ্গে এ চুক্তি হয়। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নরসিংদীর ঘোড়াশালে এ বিদ্যুৎ কেন্দ্র হবে।
দেশে সাড়ে ৫ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুতের দৈনিক গড় উৎপাদন ৪ হাজার ২০০ মেগাওয়াট। বুধবার সর্বোচ্চ উৎপাদন ছিলো ৪ হাজার ১৬৫ মেগাওয়াট।
চাহিদা ও যোগানের এ ফারাকের কারণে লোডশেডিং দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। বিদ্যুতের সঙ্কটের জন্য শিল্পোদ্যোক্তারাসহ সাধারণ মানুষ অসন্তোষ প্রকাশ করে আসছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এক অনুষ্ঠানে বলেন, চাহিদা দ্রুত বেড়ে যাওয়ায় উৎপাদন বাড়িয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
ম্যাক্স পাওয়ারের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এএসএম আলমগীর কবির সাংবাদিকদের বলেন, সরকার ২০১৫ সালের মধ্যে ১১ হাজার ১০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে।
বর্তমান সরকার এ পর্যন্ত ১৫টি ভাড়াভিত্তিক বিদ্যুত স্থাপনের জন্য চুক্তি করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পিডিবির জনসংযোগ কার্যালয়ের পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী।
ম্যাক্স পাওয়ারের করা বিদ্যুৎ কেন্দ্রটি চালিত হবে প্রাকৃতিক গ্যাসে। তবে দেশে গ্যাস সঙ্কটের কারণে বুধবার বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ৫৩৩ মেগাওয়াট কম হয়েছে।
সরকারের পক্ষে চুক্তিতে সই করেন পিডিবি'র ভারপ্রাপ্ত সচিব মো. ইস্কান্দার আলী এবং ম্যাক্স পাওয়ার লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোলাম এম আলমগীর।
আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন মাসের মধ্যে তারা উৎপাদন শুরু করতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৯১২ ঘ.
bdnews24