২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিনিয়োগ বাড়ালেই হবে না, প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটাতে হবে'

উন্নয়নের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে অন্তরায় হিসেবে চিহ্নিত করে তা কাটানোর পরামর্শ দিয়েছেন পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 08:48 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নয়নের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে অন্তরায় হিসেবে চিহ্নিত করে তা কাটানোর পরামর্শ দিয়েছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। শনিবার জাতীয় প্রেসক্লাবে অর্থনীতির এ অধ্যাপক বলেন, "অনেক অর্থনীতিবিদ বলেন, বিনিয়োগ কম থাকায় জাতীয় উন্নয়ন ঠিকমতো হচ্ছে না। এটা কিছুটা সত্য হলেও কেবল বিনিয়োগ বাড়িয়ে নয়, প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটিয়ে তুলতে না পারলে জাতীয় উন্নয়ন সম্ভব নয়।" এ জন্য স্থানীয় সরকার কাঠামো শক্তিশারী করার সুপারিশ করেন তিনি। "এক্ষেত্রে স্থানীয় সরকার যেন কেন্দ্রীয় সরকারের লেজুড় হিসেবে কাজ না করে সেদিকে লক্ষ রাখতে হবে", বলেন খলীকুজ্জমান। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি বলেন, "স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে বাজেটের একটি অংশ সরাসরি স্থানীয় সরকারকে বরাদ্দ দিতে হবে।" বেসরকারি সংগঠন গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরাম 'গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ জাতীয় সম্মেলন' উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। খলীকুজ্জমান গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ জাতীয় সম্মেলন কমিটির সভাপতি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংবিধানের আলোকে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী ও কার্যকর করার জন্য আগামী ৩০ অক্টোবর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিনিধিদের অংশগ্রহণে এ সম্মেলনের অনুষ্ঠিত হবে জানিয়ে খলীকুজ্জমান বলেন, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ বিষয়ে একটি নীতিমালা তৈরি করে তা সরকারের কাছে তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ জাতীয় সম্মেলন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, সদস্য সচিব মহসিন আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৪৪৫ ঘ.