ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় বরখাস্তকৃত রূপালী ব্যাংক সদরঘাট শাখার ব্যবস্থাপক মতিউর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
তিনি বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন জানান।
বিচারক মো. জহুরুল হক জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মিরপুর এলাকায় একটি অর্পিত সম্পত্তি বন্ধক রেখে ১ কোটি ২০ লাখ ৮৭ হাজার টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করে পরস্পর যোগসাজশে আত্মসাত করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়। কোতয়ালি থানায় ২০০২ সালের ২৯ অগাস্ট এ মামলা দায়ের করেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবু বকর সিদ্দিক। মামলায় মেসার্স রীটা করপোরেশনের সত্ত্বাধিকারী সাজাহান সরদার ও তার স্ত্রী রওশন জাহানকেও আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, তাদের নামেই ঋণ বরাদ্দ করেছেন ব্যবস্থাপক মতিউর রহমান।
এ বছর ২৯ অগাস্ট দাখিল করা অভিযোগপত্র থেকে রওশনের নাম বাদ দেওয়া হয়। আর সাজাহান মারা গেছেন।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শাহ্ আলম তালুকদার মতিউরকে কারাগারে পাঠানোর এ তথ্য নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৫১৫ ঘ.
bdnews24