ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাম স্থিতিশীল রাখতে ভোজ্যতেল ও চিনি ব্যবসায় ডেলিভারি অর্ডার (ডি.ও.) প্রথা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয়ে বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সভাপতিত্বে সংশ্লিষ্ট মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত হয়।
বাণিজ্য সচিব মো. গোলাম হোসেন বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোজ্যতেল ও চিনি বিতরণের ক্ষেত্রে এক মাসের মধ্যে ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটরশিপ পদ্ধতির যেকোনো একটি বেছে নেওয়া হবে।"
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম মুর্তজা রেজা চৌধুরীকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে সুপারিশ দিতে বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আইআইটি), টিসিবি, এফবিসিসিআই, ভোজ্যতেল ও চিনি ব্যবসায়ীদের মধ্য থেকে একজন করে প্রতিনিধি।
গোলাম হোসেন বলেন, "ডি.ও. পদ্ধদিতে মধ্যস্বত্ত্বভোগীরা ফাটকাবাজি করে পণ্যের দাম বাড়িয়ে দেয়। তারা মজুদ করে আটকে রেখে দাম বাড়িয়ে পরে ব্যবসা করে। এক কথায় ডি.ও. পদ্ধতি একটি অসৎ ব্যবস্থা ও নিছক কাগজের ব্যবসা।"
"এ কারণে এ পদ্ধতি বাতিল করে ডিলার বা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে সাধারণ জনগণের কাছে পণ্য পৌঁছানোর উদ্যোগ নেওয়া হচ্ছে," বলেন তিনি।
কারা ডিলার বা ডিস্ট্রিবিউটর হবে, তারা কিভাবে কাজ করবে সে বিষয়ে কমিটি সুপারিশ করবে এবং মন্ত্রণালয় এ বিষয়ে তালিকা তৈরি করবে বলে জানান বাণিজ্য সচিব।
কমিটির সুপারিশ পরবর্তী সময়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে কার্যকর করা হবে।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, "বাণিজ্যমন্ত্রী ফারুক খান কমিটিকে সহায়তা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।"
বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের বলেন, "ডি.ও. প্রথা বাতিলের উদ্দেশ্য ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি নয়।
"পণ্যের সরবরাহ ব্যবস্থার উন্নতির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে যাতে সহজে পণ্য পৌঁছুতে পারে এবং জনগণ যাতে সহনীয় ও স্থিতিশীল দামে পণ্য কিনতে পারে তা নিশ্চিত করা।"
"বর্তমান ডি.ও. প্রথায় বারবার হাতবদল হয়ে পণ্যের মূল্য বাড়ানোর যে প্রবণতা তা বিলুপ্ত করা এ প্রথা বাতিলের উদ্দেশ্য," বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি জানান, নতুন পদ্ধতিতে কাজ ভালো হলে অন্য পণ্যের ক্ষেত্রেও তা প্রয়োগ করা হবে।
সভায় বাণিজ্য সচিব মো. গোলাম হোসেন, অতিরিক্ত সচিব এম মুর্তজা রেজা চৌধুরী, টিসিবি চেয়ারম্যান মো. খলিলুর রহমান, এফবিসিসিআই সভাপতি একে আজাদ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শওকত আলী ওয়ারেছী, ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী, মেঘনা গ্র"পের চেয়ারম্যান মোস্তফা কামাল, সিটি গ্র"পের চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এস আলম গ্র"পের চেয়ারম্যান এস আলম, বাংলাদেশ ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান আ. রউফ চৌধুরী, দেশবন্ধু সুগার মিলের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইগলু সুগার মিলের চেয়ারম্যান মহিউদ্দিন মোনেম, বাংলাদেশ এডিবল অয়েলের মো. ফকরুজ্জামান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২০৫ঘ.
bdnews24