২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবির মুখে বৃহস্পতিবার সাভারের আশুলিয়ায় অবস্থিত একটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 07:34 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

সাভার, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবির মুখে বৃহস্পতিবার সাভারের আশুলিয়ায় অবস্থিত একটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত কারখানাটির নাম শাহরিয়ার ফেব্রিক্স লিমিটেড। শ্রমিকরা জানিয়েছে, তাদের দাবির মধ্যে ৮ ঘণ্টার বেশি কাজ করালে ডাবল ওভারটাইম, জোরপূর্বক কাজ না করানো, কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ, যাতায়াত ভাড়া ও দুপুরের খাওয়ার বিল দেওয়া এবং ট্রেড ইউনিয়ন চালু রয়েছে। শাহরিয়ার ফেব্রিক্স লিমিটেড এর ব্যবস্থাপক তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, কারখানার প্রায় ১৮শ' শ্রমিক মঙ্গলবার সকালে হঠাৎ ব্যবস্থাপনা পরিচালক সামসুজ্জামানকে অপসারেণের দাবিতে বিক্ষোভ শুরু করে। শ্রমিকদের অভিযোগ, তিনি শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি বলেন, ওইদিন দুপুরে তাকে অপসারণ করার পর শ্রমিকরা চলে যায়। কিন্তু বুধবার দুপুরে তারা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে নতুন ১১ দফা দাবি তুলে বিক্ষোভ শুরু করে। তারপর কারখানা ছুটি ঘোষণা করা হয়। "এরপর বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে একই দাবিতে বিক্ষোভ শুরু করে। এরপর কর্তৃপক্ষ কারখানাটি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা চলে যায়।" তাজুল ইসলাম জানান, শ্রমিকদের দাবি নিয়ে কর্তৃপক্ষ আলোচনায় বসেছে। আলোচনায় কারখানা কবে নাগাদ খুলে দেওয়া হবে সে সিদ্ধান্তও হওয়ার কথা রয়েছে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৩৩ ঘ.