ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও বন্দর থেকে পোশাক চুরি ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে বলে রপ্তানিকারকদের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিজিএমইএ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
সাহরা খাতুন জানান, বিজিএমইএ'র পক্ষ থেকে অভিযোগ করা হয়-গামের্ন্টের পোশাক রপ্তানির জন্য কন্টেইনারে করে নেওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝপথে এবং চট্টগ্রাম বন্দরে মাঝে-মাঝে চুরির ঘটনা ঘটে।
"এ ধরনের চুরি বন্ধে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে এবং এ ব্যাপারে পুলিশ মহা-পরিদর্শক ব্যবস্থা নেবে," বলেন মন্ত্রী।
বিজিএমইএ'র সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, "দেশের বৈদেশিক মুদ্রা আয়ের সিংহভাগ আসে পোশাক রপ্তানি খাত থেকে। এ খাতে ৬০ লাখ লোক নিয়োজিত এবং প্রায় চার কোটি মানুষের জীবিকাও জড়িত। এজন্যে পোশাক শিল্পকে আরো উন্নত করতে সরকার সচেষ্ট।"
"ঈদুল ফিতরে পোশাক শিল্পখাতের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিলো," জানিয়ে সাহারা বলেন, "ঈদুল আজহায়ও তা অব্যাহত রাখা হবে।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে পুলিশের মহা-পরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিজিএমইএ সভাপতি সালাম মোর্শেদীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯১৩ঘ.
bdnews24