২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌমন্ত্রীর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ চট্টগ্রাম চেম্বারের

চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিরসনে নৌমন্ত্রী শাজাহান খান ব্যর্থ বলে দাবি করেছে চট্টগ্রাম চেম্বারের বন্দর কার্যক্রম মনিটরিং কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 05:33 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

চট্টগ্রাম, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিরসনে নৌমন্ত্রী শাজাহান খান ব্যর্থ বলে দাবি করেছে চট্টগ্রাম চেম্বারের বন্দর কার্যক্রম মনিটরিং কমিটি। মঙ্গলবার চট্টগ্রাম চেম্বার কার্যালয়ে কমিটির এক সভায় সদস্যরা সর্বসম্মতভাবে মন্ত্রীর প্রতি ব্যর্থতার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন। চেম্বার সচিব ওসমান গণি চৌধুরী স্বাক্ষরিত সভার লিখিত বিবৃতিতে বলা হয়, "পাঁচদিন ধরে বন্দর অচল থাকলেও নৌমন্ত্রী পাঁচদিন পরে কেন বন্দর পরিদর্শনে এসেছেন বা এ বিষয়ে তার কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।" বিবৃতিতে আরো বলা হয়, "দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে নৌমন্ত্রী বন্দর পরিদর্শনে এসে বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু এখনও তিনি বন্দর ব্যবহারকারীদের সঙ্গে বৈঠক করেননি।" অচলাবস্থার কারণে বন্দরে ৭৪টি জাহাজ পাঁচদিন ধরে অলসভাবে অবস্থান করতে বাধ্য হওয়ার কথা জানিয়ে মনিটরিং কমিটির সদস্যরা সরকারের কাছে এর ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। মনিটরিং কমিটির সদস্য ও চেম্বার পরিচালক এসএম আবু তৈয়বের সভাপতিত্বে সভায় চেম্বার সহ-সভাপতি এসএম শফিউল হক, বিজিএমইএ প্রতিনিধি এএম চৌধুরী, বিকেএমইএ প্রতিনিধি শওকত ওসমান, বারভিডা প্রতিনিধি মাহবুবুল হক চৌধুরী, সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের প্রথম যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু ও বন্দর বিষয়ক সম্পাদক লিয়াকত আলী হাওলাদার, শিপিং এজেন্টস প্রতিনিধি ও চেম্বার পরিচালক ওয়াসিউর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় বন্দরের অচলাবস্থা ও নাজুক পরিস্থিতির জন্য বন্দর কৃর্তপক্ষকেও দায়ী করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/পিডি/২৩২৮ ঘ.