সাভার, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে সাভারের আশুলিয়ায় তিনটি সোয়েটার তৈরির কারখানা মঙ্গলবার অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া কর্মকর্তাদের মারধরের অভিযোগে ৪০৯ শ্রমিককে আসামি করে একটি মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ।
মামলায় ১০৯ জন শ্রমিকের নাম উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে আউখপাড়া এলাকার ডাইনেস্টি গ্র"পের প্রতিষ্ঠান 'ডাইনেস্টি সোয়েটার (বিডি) লিমিটেড, ডাইনেস্টি নীট ফ্যাশনস লিমিটেড ও মিলেনিয়াম সোয়েটারস লিমিটেড' কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
একই ভবনে অবস্থিত কারখানা তিনটির প্রায় সাড়ে চার হাজার শ্রমিক সকাল ৮টার দিকে কাজে যোগ দিতে আসে। তখন বন্ধের নোটিশ দেখে তারা বিক্ষোভে ফেটে পড়ে। তারা কারখানার সামনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশি বাধায় তা ব্যর্থ হয়।
কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা আশপাশের অলিগলিতে অবস্থান নিয়েছে।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মজুরি বৃদ্ধির দাবিতে সোমবার ডাইনেস্টি গ্র"পের তিন প্রতিষ্ঠানের শ্রমিকরা কারখানার মানবসম্পদ কর্মকর্তা পুলিশের সাবেক এএসপি নুরুজ্জামান চৌধুরী ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা মোফাজ্জল হোসেনকে মারধর করে।
এছাড়া কারখানার শীর্ষ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে মূল ফটক ভেতর থেকে তালাবদ্ধ করে রাখে। পরে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব কারখানার পেছনের ফটক দিয়ে ভেতরে ঢুকে শ্রমিকদের বের করে নিয়ে আসে।
ওসি বলেন, "ওই ঘটনায় সোমবার গভীর রাতে ডাইনেস্টি গ্র"পের প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম খলিল বাদি হয়ে আশুলিয়া থানায় ৪০৯ জন শ্রমিককে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এবং আজ (মঙ্গলবার) থেকে কারখানা তিনটি অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন।"
কারখানার নিরাপত্তা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবারের শ্রমিক বিক্ষোভ ও কর্মকর্তাদের মারধরের ঘটনায় কর্তৃপক্ষ ২০০৬ সালের শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক কারখানা তিনটি অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, মামলায় এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি কর্মকর্তাদের মারধরে জড়িতদের ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ভিডিও ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৫০ ঘ.
bdnews24