ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে চিংড়ি রপ্তানির ক্ষেত্রে ইইউ'র বেঁধে দেওয়া শর্ত পূরণে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।
তবে তারা সরকারের কাছে কোনো পর্যবেক্ষণ বা সুপারিশ প্রতিবেদন জমা দেয়নি। প্রতিনিধি দলটি দেশে ফিরে ইইউ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে তাদের সুপারিশ তৈরী করবে। তা চূড়ান্ত হয়ে আগামী মার্চ নাগাদ বাংলাদেশ সরকারের কাছে পেশ করা হতে পারে।
প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শামসুল কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
গত ১৮ জানুয়ারি থেকে ইইউ প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে। তারা ঢাকা, চট্টগ্রাম ও খুলনা এলাকায় চিংড়ি ঘেরগুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি বৃহস্পতিবার মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।
এতে প্রতিনিধি দলের প্রধান এজবিয়েতাসহ অন্য সদস্যরা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক, সাবেক মহাপরিচালক রফিকুল ইসলাম ও বাংলাদেশ শ্রিম্প অ্যাণ্ড ফিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মৎস্য ও প্রাণীসম্পদ সচিব শরফুল আলম বর্তমানে নেপাল সফরে থাকায় প্রতিনিধি দলটি যুগ্ম-সচিব শামসুল কিবরিয়ার সঙ্গে বৈঠক করেন।
প্রতিনিধি দলের পর্যবেক্ষণ সম্পর্কে শামসুল কিবরিয়া জানান, তাদের পর্যবেক্ষণে স্বাস্থ্য ও আইনসহ আনুষঙ্গিক বিষয়গুলো সম্পর্কে ইতিবাচক মতামত দেওয়া হয়েছে। তবে তারা রসায়নাগার বা গবেষণাগার (ল্যাবরেটরি) স্থাপনে ধীরগতির কথা উল্লেখ করেছেন। তারা দ্রুত ল্যাবরেটরি স্থাপনের তাগাদা দিয়েছেন।
বাংলাদেশ শ্রিম্প অ্যাণ্ড ফিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইইউ প্রতিনিধি দল শর্ত পূরণে কী কী ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে এবং কী কী সমস্যা আছে তা খতিয়ে দেখছে।
মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং চিংড়ি মান নিয়ন্ত্রণ প্রকল্পের প্রধান সালেহ আহমেদ জানান, প্রতিনিধি দল তাদের পর্যবেক্ষণ সংক্ষিপ্ত আকারে মন্ত্রণালয়কে জানিয়েছে। দেশে ফিরে তারা এব্যাপারে চূড়ান্ত সুপারিশমালঅ তৈরী করবে। আগামী ফেব্র"য়ারি বা মার্চ নাগাদ সুপারিশমালা বাংলাদেশ সরকারের কাছে পেশ করা হতে পারে।
অবশ্য এ বৈঠকের ব্যাপারে ইইউ প্রতিনিধি দল গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে অস্বীকৃতি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২৩৪ ঘ.
bdnews24