ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিনে প্রায় দেড় হাজার কোটি টাকার শেয়ার লেনদেনের মধ্য দিয়ে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের নতুন রেকর্ড গড়েছে।
এর আগে ১৩ জানুয়ারি এক হাজার ৪৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন ছিল পুঁজিবাজারে এ যাবতকালের সর্বোচ্চ লেনদেন।
সাধারণ সূচকেও নতুন রেকর্ড হয়েছে রোববার।
বৃহস্পতিবারের সর্বোচ্চ ৫০৯৫ দশমিক ২১ পয়েন্টের ঘর অতিক্রম করে রোববার নতুন উচ্চতায় স্থান করে নিয়েছে ডিজিইএন সূচক। দিনশেষে এটি ৫১৫৬ দশমিক ৬১ পয়েন্ট-এ পৌঁছে।
মূলত সপ্তাহ শুরুর প্রথম দিন ব্যাংক, বীমা ও মিউচ্যুয়াল ফান্ডের ওপর ভর করে পুঁজিবাজার চাঙা হয়ে ওঠে। এদিন পুুঁজিবাজারে মোট এক হাজার ৪৫২ কোটি টাকার শেয়ার হাত বদল হয়।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, প্রাইম ব্যাংক ছাড়া সব ব্যাংকেরই শেয়ারের দাম বেড়েছে। অন্যদিকে আইসিবি, আইএলডিসি, লঙ্কা বাংলা ফিনান্স, ইউনাইটেড লিজিং ও পিএলএফসিএল ছাড়া অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম পড়েছে।
বাজারে ওষুধ ও কেমিকেল খাতের শেয়ার লেনদেনে মিশ্রভাব লক্ষ করা গেছে।
তবে সপ্তাহের প্রথম দিনটি জ্বালানি ও বিদ্যুৎ খাতের শেয়ারের জন্য সুখকর ছিল না। একমাত্র ব্যতিক্রম ছিল সামিট পাওয়ার ও আইটি খাতের শেয়ার।
মোট ৯৮ কোটি ৪৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার হাত বদলের মধ্য দিয়ে বাজার জুড়েই ছিল গ্রামীণফোনের প্রাধান্য।
দ্বিতীয় অবস্থানে থাকা বেক্সিমকোর শেয়ার লেনদেন হয় ৬৬ কোটি ৮ লাখ ৩৫ হাজার টাকার। আর এর সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয় ৬০ কোটি ৮০ লাখ ১৪ হাজার টাকা এবং শাইনপুকুর সিরামিক্স-র ৪০ কোটি ৭৬ লাখ ৮ হাজার টাকা।
এদিন ব্যাংকগুলোর মধ্যে উত্তরা ব্যাংকের শেয়ার লেনদেন ছিল সর্বোচ্চ। মোট ৩৮ কোটি ৮৩ লাখ ৪১ হাজার টাকার শেয়ার হাত বদল হয়েছে এ প্রতিষ্ঠানটির।
এছাড়া আফতাব অটোমোবাইলস, এবি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, বেক্স টেক্স ও মেঘনা পেট্রোলিয়াম ছিল দিনের লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/জিএনএ/১৮৫০ ঘ.
bdnews24