ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোতে হিসাব খোলার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন কৃষকরা। এ সুবিধার আওতায় মাত্র ১০ টাকায় তারা হিসাব খুলতে পারবেন।
রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে বলা হয়েছে, কৃষকদের এ ধরনের হিসাবে ন্যূনতম স্থিতি রাখার কোনো বাধ্যবাধকতা আরোপ করা যাবে না এবং কোনো প্রকার চার্জ বা ফি দিতে হবে না।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অর্থনৈতিক কর্মকাণ্ডে কৃষকদের যথাযথ অবদান রাখার সুযোগ সৃষ্টির লক্ষ্যে কৃষকদের সব ধরনের ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রথমবারের মতো এ ব্যবস্থা নেওয়া হয়েছে।"
"আমাদের ইচ্ছে ছিল কৃষকদের মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার। কিন্তু সরকারি সব ব্যাংকের মোবাইল ব্যাংকিং সুবিধা না থাকায় আপাতত এ ব্যবস্থা নেওয়া হয়েছে", বলেন তিনি।
ভবিষ্যতে কৃষকদের মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান গভর্নর।
আতিউর রহমান বলেন, "এ ব্যবস্থার ফলে সরকার সার, ডিজেল ও সেচ কাজে কৃষকদের যে ভর্তুকি দেবে তা তারা কোনো ঝামেলা ছাড়াই সহজে পেয়ে যাবে।"
সার্কুলারে আরো বলা হয়, সরকারি সহায়তার অংশ হিসেবে দেওয়া বিভিন্ন ভর্তুকি ব্যাংকের মাধ্যমে কৃষকদের হাতে সরাসরি পৌঁছে দিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্র বা জ
bdnews24